মেহেরপুরের আমতৈল গ্রামের মহিলা মেম্বার আফরোজা খাতুনের বাড়ির সামনে থেকে বোমা সদৃশ দুটি বস্তু উদ্ধার করেছে পুলিশ। রোববার সকালে লাল স্কচ টেপ দিয়ে মোড়ানো বস্তু দুটি উদ্ধার করে থানায় হেফাজতে নিয়েছে পুলিশ।
আফরোজা খাতুন ষোলটাকা ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। তার স্বামী আবুল হোসেন ষোলটাকা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি।
ইউনিয়ন পরিষদের আধিপত্য বিস্তারের জেরে ভীতি সৃষ্টির লক্ষ্যে দুর্বৃত্তরা এগুলো রাখতে পারে বলে ধারণা করছেন স্থানীয়রা।
স্থানীয়রা জানিয়েছেন, আমতৈল গ্রামের আফরোজা খাতুনের বাড়ির সামনে দুটি বোমা সদৃশ বস্তুর সন্ধান পান স্থানীয়রা। সেগুলো বোমা কি না তা নিয়ে তাদের মধ্যে সংশয় দেখা দেয়। তবে বোমা সন্দেহে আতংকিত হয়ে পড়েন ইউপি মেম্বারের পরিবারের সদস্যরা। খবর পেয়ে হেমায়েতপুর পুলিশ ক্যাম্পের একটি দল গিয়ে বোমা সদৃশ বস্তু দুটি উদ্ধার করে।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহাদ্দিস মোর্শেদ চৌধুরী জানান, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। কারা এ ঘটনার সঙ্গে জড়িত তা খুঁজে বের করার চেষ্টা করছে পুলিশ।


