টাঙ্গাইলের মধুপুরে মহাসড়কের পাশ থেকে হাকিম ড্রাইভার (৩৭) নামে এক ব্যক্তির রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত হাকিম ড্রাইভার উপজেলার গোলাবাড়ী এলাকার আবু হানিফের ছেলে।
রোববার ভোরে টাঙ্গাইল-জামালপুর আঞ্চলিক মহাসড়কের মধুপুর উপজেলার গোলাবাড়ী-নেকিবাড়ী সড়কের মধ্যবর্তী এলাকায় মহাসড়কের পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
প্রাথমিকভাবে সড়ক দুর্ঘটনায় তার মৃত্যু হয়ে থাকতে পারে বলে ধারণা করছে পুলিশ।
স্থানীয় সূত্রে জানা যায়, শেষ রাতের কোনো একসময় হাকিমের মৃত্যু হয়ে থাকতে পারে। ভোরে রাস্তার পাশে রক্তাক্ত অবস্থায় তার মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন।
পরে ভোর সাড়ে ৫টার দিকে মধুপুর থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে এবং হাকিমের দেহটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।
মধুপুর থানার এসআই কামরুল ইসলাম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে সড়ক দুর্ঘটনাজনিত কারণে হাকিমের মৃত্যু হয়ে থাকতে পারে। তার মাজা থেকে শুরু করে উরু পর্যন্ত ভাঙা রয়েছে। তবে কীভাবে তার মৃত্যু হয়েছে, তা অধিকতর তদন্তের পর স্পষ্ট হবে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।


