নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি নির্মাণাধীন ভবন থেকে জুলাই গণঅভ্যুত্থানের সময় থানা থেকে লুট হওয়া একটি টাইপ-৫৪ (৭.৬২) পিস্তল উদ্ধার করেছে র্যাব-১১।
র্যাব জানায়, শনিবার রাত সাড়ে ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ফতুল্লার কাঠেরপুল এলাকার একটি নির্মাণাধীন ভবনে অভিযান চালায় র্যাব-১১ সিপিএসসি’র একটি দল। আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি টের পেয়ে সেখানে থাকা কয়েকজন ব্যক্তি পালিয়ে যায়।
পরে ভবনটি তল্লাশি করে পরিত্যক্ত অবস্থায় একটি টাইপ-৫৪ পিস্তল, একটি ম্যাগাজিন, চারটি সিসি ক্যামেরা, দুটি গুলতি ও একটি হ্যান্ড মাইক উদ্ধার করা হয়।
র্যাবের দাবি, ওই স্থানটি ছিনতাই ও মাদকসংক্রান্ত কর্মকাণ্ডের স্পট হিসেবে ব্যবহৃত হতো।
উদ্ধার করা অস্ত্র ও সরঞ্জাম পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়ার জন্য ফতুল্লা থানায় হস্তান্তর করা হয়েছে। অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধারে অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে র্যাব-১১।


