বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) টাঙ্গাইল-৫ (সদর উপজেলা) আসনে সুলতান সালাউদ্দিন টুকুকে আনুষ্ঠানিকভাবে মনোনয়ন দিয়েছে।
বৃহস্পতিবার গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ৩৬টি আসনে প্রার্থীদের নাম ঘোষণা করেন।
সংবাদ সম্মেলনে তিনি জানান, টাঙ্গাইল-৫ আসনে ধানের শীষ প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করবেন দলের কেন্দ্রীয় প্রচার সম্পাদক সালাউদ্দিন টুকু।
এর আগে, গত ৩ নভেম্বর ঘোষিত ২৩৭ আসনের প্রাথমিক তালিকায় টাঙ্গাইল-৫-এর নাম রাখা হয়নি। পরে আলাদাভাবে তা ঘোষণা করার কথা জানিয়েছিল দলটি।
দলীয় সূত্রে জানা গেছে, সালাউদ্দিন টুকু বিএনপির রাজনীতিতে একজন পরিচিত মুখ। তিনি কেন্দ্রীয় যুবদল ও ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন।
স্থানীয় নেতাদের মতে, দীর্ঘদিন ধরে তিনি টাঙ্গাইল সদর আসনে সাংগঠনিকভাবে সক্রিয় ছিলেন এবং নিয়মিত গণসংযোগ করেছেন।
জেলার সাবেক সদস্য সচিব মাহমুদুল হক ছানু, সাবেক সাংগঠনিক সম্পাদক শফিকুর রহমান খান শফিকসহ জেলা ও উপজেলা পর্যায়ের বহু নেতা তার নেতৃত্বে মাঠে আছেন বলে জানিয়েছেন তারা।
টাঙ্গাইল-৫ আসনটি পৌরসভা ও ১২টি ইউনিয়ন নিয়ে গঠিত।
নেতাকর্মীরা মনে করছেন, রাজনৈতিক পরিবর্তনের পর আসনটি পুনরুদ্ধারের সম্ভাবনা এবার বেশি।
স্থানীয় নেতারা বলেন, টুকু ছাত্রজীবন থেকেই বিএনপির রাজনীতি করেন এবং টাঙ্গাইলের মানুষের সঙ্গে নিবিড় সম্পর্ক গড়ে তুলেছেন।
এলাকার ধর্মীয় প্রতিষ্ঠান, অসহায় মানুষের আর্থিক সহায়তা এবং স্থানীয় অবকাঠামো সংস্কারে তার ভূমিকার কথা উল্লেখ করেন তারা।
তরুণ ভোটারদের অনেকে জানিয়েছেন, খেলাধুলা, সাংস্কৃতিক ও সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ততার মাধ্যমে টুকু তরুণদের কাছে আস্থাভাজন হয়ে উঠেছেন। তিনি তরুণদের নিয়ে ইতোমধ্যে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করেছেন।
মনোনয়ন পাওয়ার পর টাইমস অব বাংলাদেশকে দেওয়া প্রতিক্রিয়ায় সালাউদ্দিন টুকু বলেন, ‘আলহামদুলিল্লাহ। জিয়া পরিবার আমার ওপর আস্থা রেখেছে। খালেদা জিয়া দ্রুত সুস্থ হয়ে ফিরে আসুন–এই দোয়া করি। টাঙ্গাইল সদরে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে ঐক্যবদ্ধভাবে কাজ করব।’
তিনি নেতাকর্মীদের কোনো আনন্দ মিছিল বা মিষ্টি বিতরণ না করার অনুরোধ জানান।
নিজের অঙ্গীকার তুলে ধরে বলেন, ‘নির্বাচিত হলে টাঙ্গাইল সদরের চাঁদাবাজি ও মাদকমুক্ত পরিবেশ নিশ্চিত করব এবং উন্নয়নের রোল মডেল হিসেবে গড়ে তুলব। জনগণ আস্থা রাখলে উন্নয়ন হবে তার প্রতিদান।’


