চ্যাম্পিয়নস লিগে রোমার বিপক্ষে ম্যাচ শুরুর মাত্র দুই ঘণ্টা আগে ব্রাজিলের তারকা উইঙ্গার ভিনিসিয়াস জুনিয়রকে চার ম্যাচের জন্য নিষিদ্ধ করার সিদ্ধান্ত জানানোয় স্প্যানিশ ফুটবল কর্তৃপক্ষের তীব্র সমালোচনা করেছেন রিয়াল মাদ্রিদ কোচ হোসে মরিনিয়ো। এই সিদ্ধান্তের সময়কে ‘নির্লজ্জ’ এবং ‘অসম্মানজনক’ বলে ক্ষোভ উগরে দিয়েছেন তিনি।
শনিবার লা লিগায় ভিয়ারিয়ালের বিপক্ষে ১-০ গোলে জয়ের ম্যাচে প্রতিপক্ষের চুল টেনে ধরায় লাল কার্ড দেখে মাঠ ছাড়েন ভিনিসিয়াস। বুধবার তাকে চার ম্যাচের নিষেধাজ্ঞা দেওয়া হলেও রোমার বিরুদ্ধে রোমাঞ্চকর জয়ের ম্যাচে শুরু থেকেই মাঠ মাতান এই ব্রাজিলিয়ান।
তবে ম্যাচের আগে সিদ্ধান্ত জানানোর ধরন নিয়ে ক্ষুব্ধ মরিনিয়ো বলেন, ‘ম্যাচ শুরুর মাত্র দুই ঘণ্টা আগে বাসে থাকা অবস্থায় খেলোয়াড় জানতে পারছে তিনি চার ম্যাচের জন্য নিষিদ্ধ। তারা কি সিদ্ধান্তটি কাল সকালে জানাতে পারত না? এখন তারা একদম নির্লজ্জভাবে এসব করছে, যা মোটেই স্বাভাবিক নয়।’
এই নিষেধাজ্ঞায় চরম ক্ষতির মুখে পড়েছে রিয়াল মাদ্রিদ। লা লিগার পয়েন্ট তালিকার শীর্ষে থাকা বার্সেলোনার চেয়ে ৬ পয়েন্টে পিছিয়ে থাকা রিয়ালকে সামনে এল ক্লাসিকোসহ কয়েকটি গুরুত্বপূর্ণ ম্যাচ ভিনিসিয়াসকে ছাড়াই খেলতে হবে। শুধু তাই নয়, ৪ নভেম্বর এথেন্সে চ্যাম্পিয়নস লিগ ম্যাচ খেলে ফেরার পরই ৭ নভেম্বর ভ্যালেন্সিয়ার মাঠে লা লিগার কঠিন ম্যাচ নির্ধারণ করা সূচি নিয়েও তীব্র ক্ষোভ প্রকাশ করেন মরিনিয়ো।
মাঠের ফুটবলে অবশ্য নাটকীয় এক রাত উপভোগ করেছেন পর্তুগিজ মাস্টারমাইন্ড। রোমার কাছে ৩-১ গোলে পিছিয়ে থেকেও শেষ সময়ের দারুণ প্রত্যাবর্তনে ৪-৩ ব্যবধানে ম্যাচটি জিতে নেয় রিয়াল মাদ্রিদ। দ্বিতীয়ার্ধে ডনিয়েল মালেনের জোড়া গোলে রোমা সুবিধাজনক অবস্থানে গেলেও মরিনিয়োর তাসের চাল হিসেবে বদলি নেমে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন এন্দ্রিক ও কার্লোস এস্পি। এ ছাড়া বদলি হিসেবে নামা আরদা গুলের শেষ দিকে দুটি গোলে অ্যাসিস্ট করে জয় নিশ্চিত করেন।
ম্যাচ শেষে হাসিমুখে মরিনিয়ো বলেন, ‘আমি নিজেকে অসাধারণ কৌশলী দাবি করব না যে ৩-১ থেকে ৪-৩ করার পুরো পরিকল্পনা আগেই করা ছিল। তবে আমি বিশ্বাস করতাম, শেষ ২০ মিনিটে নামা বদলি খেলোয়াড়েরা ম্যাচের গতিপথ বদলে দিতে পারবে।’


