নারায়ণগঞ্জের আদমজি এলাকায় বাসা ভাড়ার বকেয়া টাকা চাইতে যাওয়াকে কেন্দ্র করে শিশু সন্তানদের সামনেই বাড়িওয়ালিকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করেছেন এক ভাড়াটিয়া।
আহত মারিয়া আক্তারকে (৩২) আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকরা।
শনিবার বিকাল সোয়া ৪টার দিকে সিদ্ধিরগঞ্জ থানাধীন আদমজি ধনকুন্ডা উত্তরপাড়া এলাকায় এই ঘটনা ঘটে।
আহত মারিয়ার স্বামী গাড়ি ব্যবসায়ী সাইফুল ইসলাম জানান, আদমজি ধনকুন্ডা উত্তরপাড়ায় তাদের তিনতলা বাড়ি রয়েছে। তিনি দ্বিতীয় তলায় স্ত্রী ও দুই মেয়ে এবং এক ছেলেকে নিয়ে বসবাস করেন। বাড়ির অন্য ফ্ল্যাটগুলো ভাড়া দেওয়া ছিল।
তিনি বলেন, মো. রিয়াজ (৪৫) নামে এক ব্যক্তি প্রায় দেড় বছর ধরে মাসিক আট হাজার টাকায় তাদের একটি ফ্ল্যাট ভাড়া নিয়ে পরিবারসহ থাকতেন। নিয়মিত ভাড়া না দেওয়ায় প্রায় এক বছর আগে তাকে বাসা ছেড়ে দিতে বলা হয়। তবে চলে যাওয়ার সময় তিনি প্রায় ৫০ হাজার টাকা বকেয়া রেখে যান।
সাইফুল ইসলাম জানান, বকেয়া ভাড়া পরিশোধের জন্য একাধিকবার যোগাযোগ করা হলেও রিয়াজ বিভিন্ন অজুহাত দেখিয়ে টাকা দেননি। সর্বশেষ এক মাস আগে মারিয়া আক্তার তাকে ফোন করে বকেয়া টাকা পরিশোধের কথা বলেন।
তিনি আরও জানান, শনিবার দুপুরে খাবার খেয়ে তিনি বাইরে যাওয়ার কিছুক্ষণ পর রিয়াজ বাসায় আসেন। মারিয়ার সঙ্গে ঘরের ভেতরে কিছুক্ষণ কথা বলার এক পর্যায়ে সঙ্গে থাকা ব্যাগ থেকে একটি ধারালো চাপাতি বের করে শিশুদের সামনেই এলোপাতাড়ি কুপাতে শুরু করেন।
আক্রমণ ঠেকাতে গিয়ে মারিয়ার দুই হাতেই একাধিক গুরুতর জখম হয়। কুপিয়ে আহত করার পর হামলাকারী বাড়ির পেছনের দিকের রাস্তা দিয়ে পালিয়ে যান। পাশের একটি বাড়ির সিসিটিভি ক্যামেরায় ঘটনার দৃশ্য ধারণ হয়েছে বলে জানান তিনি।
অন্য ভাড়াটিয়া ইমান আলী জানান, মারিয়ার চিৎকার শুনে তারা এগিয়ে গিয়ে তাকে রক্তাক্ত অবস্থায় দেখতে পান। তখন ওড়না ও গামছা দিয়ে ক্ষতস্থানে চাপ দিয়ে তাকে প্রথমে খানপুর হাসপাতালে নেওয়া হয়। সেখানকার চিকিৎসকরা তার অবস্থা গুরুতর দেখে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।
ঢাকা মেডিকেলের জরুরি বিভাগের চিকিৎসকরা জানান, মারিয়ার দুই হাতে একাধিক ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। হাতের মাংস ঝুলে গেছে এবং বাম হাতের বৃদ্ধাঙ্গুলি প্রায় বিচ্ছিন্ন হয়ে গেছে। আত্মরক্ষার চেষ্টা করতে গিয়েই এসব জখম হয়েছে। জরুরি বিভাগে তার হাতে অস্ত্রোপচার চলছে এবং তার অবস্থা আশঙ্কাজনক।
এ ঘটনায় মামলার প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানান ভুক্তভোগীর স্বামী সাইফুল ইসলাম। তিনি হামলাকারীর দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন।


