ঢাকা-৪ ও ঢাকা-৫ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) এবং বিএনপির বাণিজ্যবিষয়ক সম্পাদক সালাহউদ্দিন আহমেদ মারা গেছেন।
মঙ্গলবার রাত ৮টা ১০ মিনিটে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
সালাহউদ্দিন আহমেদের মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন তার ছেলে ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্যসচিব তানভীর আহমেদ রবিন। বাবার মৃত্যুতে পরিবারের পক্ষ থেকে সবার কাছে দোয়া চেয়েছেন তিনি।
তানভীর আহমেদ রবিন জানান, আগামীকাল বুধবার বাদ জোহর রাজধানীর শ্যামপুর-কদমতলীর লাল মসজিদে সালাহউদ্দিন আহমেদের নামাজে জানাজা অনুষ্ঠিত হবে।
সালাহউদ্দিন আহমেদ বিএনপির রাজনীতিতে সক্রিয় ছিলেন। তিনি দলটির বাণিজ্যবিষয়ক সম্পাদক ছাড়াও অবিভক্ত ঢাকা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। ঢাকা-৪ ও ঢাকা-৫ আসনে সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালনের মধ্য দিয়ে রাজধানীর রাজনীতিতে তার পরিচিতি গড়ে ওঠে।


