ইউরোপীয় ইউনিয়ন বাংলাদেশে একটি সফল জাতীয় নির্বাচন দেখতে চায় বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।
মঙ্গলবার বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বৈঠক করেন ঢাকায় ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূত মাইকেল মিলার। সেখানেই আলোচনা হয় জাতীয় নির্বাচনসহ নানা ইস্যুতে।
গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এই বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফ করেন দলের স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।
তিনি বলেন, ‘বৈঠকে বাংলাদেশের নির্বাচন নিয়ে কথা হয়েছে । তারা (ইইউ) দেশে একটি সফল জাতীয় সংসদ নির্বাচন দেখতে চায়।’
ইউরোপীয় ইউনিয়ন নির্বাচন কমিশনকে নানা ধরনের সহায়তা দিচ্ছে জানিয়ে আমীর খসরু বলেন, ‘তারা নির্বাচন কমিশনকে ফাইনান্সিয়াল সাপোর্ট দিচ্ছে, সিভিল সোসাইটির সঙ্গে কাজ করছে, রাজনৈতিক দলগুলোর সঙ্গেও কথাবার্তার বলছে। এই নির্বাচন দেখতে তাদের অবজারভার আসবে, সেটাও তারা জানিয়েছে।’
নির্বাচনটা যেন সফল ও সুষ্ঠুভাবে হয় সেদিকে ইইউ বেশি মনোযোগ দিচ্ছে জানিয়ে বিএনপির এই নেতা বলেন, ‘এই মুহূর্তে তাদের মনোযোগটা হচ্ছে নির্বাচনকে সুষ্ঠুভাবে সম্পন্ন করা। যেহেতু তাদের একটা বড় ইনভলভমেন্ট এই নির্বাচনে আছে, তারা চায় এই নির্বাচনটা অবাধ, সুষ্ঠুভাবে সম্পন্ন হোক এবং বাংলাদেশে গণতান্ত্রিক অর্ডারটা ফিরে আসুক।’
আলোচনা ভালো হয়েছে জানিয়ে আমীর খসরু বলেন, ‘বাংলাদেশে একটা নির্বাচনী হাওয়া বইছে এবং জনগণ নির্বাচনের পক্ষে এখন কাজ করছে, প্রতিটি এলাকায় নির্বাচনের হাওয়া বয়ে যাচ্ছে। শুধু বিএনপি নয়, প্রায় প্রত্যেকটি দলই তো নির্বাচনের জন্য কাজ করছে।’
বিএনপি ২৩৬ আসনে প্রার্থী মনোনয়ন দেওয়ার পরে সবার কাছে গ্রহণযোগ্যতা তৈরি হয়েছে জানিয়ে তিনি বলেন, ‘আমি মনে করি সব কোয়ার্টার থেকে যেসব রিপোর্ট এসেছে তারাও বলেছে যে মনোনয়নগুলো ভালো হয়েছে বিএনপির। যেহেতু অন্য ধরনের চিন্তা করা হয়েছিল সে ধরনের কিছুই হয়নি ‘
এক প্রশ্নের জবাবে বিএনপির এই নেতা বলেন, ‘আওয়ামী লীগ তো নির্বাচনের দৌড়েই নেই। দলটির নেতারা দেশেও নাই, আওয়ামী লীগের নেত্রীও নাই, তাদের কর্মকাণ্ডও স্থগিত আছে।’
আওয়ামী লীগ যেন কোনো সন্ত্রাসী কর্মকাণ্ড ঘটাতে না পারে সেজন্য আইনশৃঙ্খলা রক্ষাবাহিনীকে সঠিকভাবে দায়িত্ব পালনের আহ্বান জানান তিনি।
আমীর খসরু বলেন, ‘কারা করছে এসব সন্ত্রাসী কর্মকাণ্ড, তাদের খুঁজে বের করতে হবে। আমরা আশা করছি, সরকার এই বিষয়ে আরও বেশি সচেষ্ট থাকবে, আরও ভালোভাবে এটার মোকাবিলা করবে।’
কেউ সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে নির্বাচনকে বাধাগ্রস্ত করতে পারবে, এমন কিছু বিশ্বাসও করেন না বলে জানান তিনি।


