এসএসসি পরীক্ষার উত্তরপত্র পুনর্নিরীক্ষণে বরিশাল ও কুমিল্লা শিক্ষা বোর্ডে ফেল থেকে পাস করেছেন ৪১৫ জন। নতুন করে জিপিএ-৫ পেয়েছেন ৩১৯ জন। বৃহস্পতিবার দুই বোর্ডে পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ করা হয়।
বরিশাল শিক্ষা বোর্ডে ৭৯ জন ফেল থেকে পাস করেছেন। নতুন করে জিপিএ-৫ পেয়েছেন ১১২ জন। গ্রেড পয়েন্ট পরিবর্তন হয়েছে ১ হাজার ৫ জনের। নম্বর পরিবর্তন হয়েছে ৩ হাজার ১১৮ জনের।
বোর্ড সূত্রে জানা গেছে, পুনর্নিরীক্ষণের জন্য ১৭ হাজার ২৮৩ শিক্ষার্থী ৫০ হাজার ২৯৩টি আবেদন করেছিলেন। বরিশাল শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক শরীফ মোর্শেদ রেজা এ তথ্য জানিয়েছেন।
কুমিল্লা শিক্ষা বোর্ডে ৩৩৬ জন ফেল থেকে পাস করেছেন। নতুন করে জিপিএ-৫ পেয়েছেন ২০৭ জন। গ্রেড পরিবর্তন হয়েছে ১ হাজার ৬০৮ জনের। সব মিলিয়ে ফল পরিবর্তন হয়েছে ১ হাজার ৯৪৪ শিক্ষার্থীর।
কুমিল্লা বোর্ডে পুনর্নিরীক্ষণের জন্য ৩৫ হাজার ৯২৯ শিক্ষার্থী ৯১ হাজার ৪৯৪টি উত্তরপত্রের আবেদন করেছিলেন।
কুমিল্লা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মো. আহসান পারভেজ বলেন, ‘পুনর্নিরীক্ষণের নীতিমালা অনুযায়ী আবেদন করা উত্তরপত্রগুলো যথাযথভাবে যাচাই-বাছাই শেষে ফল প্রকাশ করা হয়েছে।’
তিনি জানান, ফল পরিবর্তন হওয়া শিক্ষার্থীরা আগামী ১২ ও ১৩ সেপ্টেম্বর কলেজে ভর্তির জন্য অনলাইনে আবেদন করতে পারবেন।


