ফিফা আসিয়ান কাপে হার দিয়ে শুরু বাংলাদেশের

ফিফা আসিয়ান কাপে হার দিয়ে শুরু বাংলাদেশের
Advertisement
Advertisement

ফিফা আসিয়ান কাপের গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচে শুক্রবার মালয়েশিয়ার মুখোমুখি হয়ে বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ। র‍্যাঙ্কিংয়ে অনেক এগিয়ে থাকা মালয়েশিয়া শুরু থেকেই নিজেদের আধিপত্য বজায় রেখে ৩-০ গোলের জয় তুলে নিয়েছে।

ফিফা র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশের চেয়ে কেন এতটা এগিয়ে, মাঠে তারই প্রমাণ দিয়েছেন মালয়েশিয়ার ফুটবলাররা। ১৩৬ নম্বরে অবস্থান করা দলটির সামনে ছন্নছাড়া ফুটবল খেলেছে বাংলাদেশ।

ম্যাচের শুরু থেকেই গোছানো ও আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে মালয়েশিয়া। খেলার চতুর্থ মিনিটে মালয়েশিয়ার একটি কর্নার শট গোলরক্ষক মেহেদী হাসান শ্রাবণ কোনোমতে প্রতিহত করে দলকে বাঁচান। তবে ম্যাচের ১৮তম মিনিটে আর রক্ষা হয়নি। মাঝমাঠ থেকে পাওয়া বল নিয়ে ডি-বক্সে ঢুকে পড়েন মালয়েশিয়ার ১০ নম্বর জার্সিধারী ফরোয়ার্ড আরিফ আইমান। ডিফেন্ডার তপু বর্মণ ও গোলরক্ষককে কাটিয়ে আলতো টোকায় দলকে প্রথম লিড এনে দেন তিনি।

এরপর প্রথমার্ধের ৩৮তম মিনিটে তপু বর্মণের একটি ভুলের সুযোগ নেন সেই আরিফই। রক্ষণভাগের পাসিং ভুলের সুযোগ কাজে লাগিয়ে নিজের ও দলের দ্বিতীয় গোল করে ব্যবধান দ্বিগুণ করেন তিনি। প্রথমার্ধে ২-০ গোলে পিছিয়ে থেকে বিরতিতে যায় বাংলাদেশ। পরে দ্বিতীয়ার্ধে আরও এক গোল হজম করতে হয় লাল-সবুজের দলকে। ৫২ মিনিটে গোল করেন বার্গুসন।

ইন্দোনেশিয়ার জাকার্তার গেলোরা বুং কর্ন স্টেডিয়ামে বাংলাদেশ সময় বেলা ৩টায় শুরু হয় ম্যাচটি। পুরো ম্যাচে হাতেগোনা কয়েকটি সুযোগ পেলেও কাজে লাগাতে ব্যর্থ হয় বাংলাদেশ। শেষ পর্যন্ত ৩-০ গোলের হার নিয়ে মাঠ ছাড়তে হয় হামজাদের।

ফিফা আসিয়ান কাপে বাংলাদেশ আছে ডিভিশন ওয়ানের ‘এ’ গ্রুপে। গ্রুপে মালয়েশিয়া ছাড়াও বাংলাদেশের অন্য দুই প্রতিপক্ষ সিঙ্গাপুর ও স্বাগতিক ইন্দোনেশিয়া। ২৮ সেপ্টেম্বর সিঙ্গাপুরের বিপক্ষে ও ১ অক্টোবর গ্রুপ পর্বের শেষ ম্যাচে ইন্দোনেশিয়ার মুখোমুখি হবে বাংলাদেশ।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad