রাজধানীর মোহাম্মদপুরের আদাবর থানাধীন এলাকায় মুরগির দোকানে ডাকাতির প্রস্তুতিকালে গ্রেপ্তার হওয়া মো. ফারুক ও কর্নেলসহ ডাকাত দলের সাত সদস্যকে কারাগারে পাঠিয়েছে আদালত।
বৃহস্পতিবার তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারাহ ফারজানা হক তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।
কারাগারে যাওয়া অন্য আসামিরা হলেন মো. সাইদ, আকাশ, মাইন উদ্দিন, সিফাত ওরফে হিটার ও মো. নাহিদুল।
এদিন আসামিদের আদালতে হাজির করা হয়। এরপর মামলার তদন্তকারী কর্মকর্তা ও আদাবর থানার উপপরিদর্শক ইয়ামিন সরকার তাদের কারাগারে আটকে রাখার আবেদন করেন। আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
এর আগে, বুধবার দিবাগত রাত ১২টার দিকে শেখেরটেক ৭ নম্বর সড়কের ব্রিজসংলগ্ন ঢালে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
এ সময় তাদের কাছ থেকে চাপাতি, ছোরা, কুড়াল ও শাবলসহ বিভিন্ন দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। এই ঘটনায় ওই দিন রাতেই তাদের বিরুদ্ধে আদাবর থানায় দুটি মামলা দায়ের করা হয়। যার একটি ডাকাতির প্রস্তুতি ও ডাকাতির উদ্দেশ্যে সংঘবদ্ধ হওয়া এবং অপরটি অস্ত্র আইনে।


