প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, গণতান্ত্রিক ব্যবস্থায় যেমন কোনো সরকার চিরস্থায়ী নয়, তেমনি প্রশাসনের কোনো পদও কারও জন্য স্থায়ীভাবে সংরক্ষিত থাকে না।
সোমবার ঢাকার তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হলে পুলিশ সপ্তাহ-২০২৬ উপলক্ষে ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের উদ্দেশে দিকনির্দেশনামূলক বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, মানুষ বা সরকার কেউই চিরদিন ক্ষমতায় থাকে না। এটি অতীতেও বহুবার প্রমাণিত হয়েছে, বিশ্বের বিভিন্ন দেশেও যার উদাহরণ রয়েছে। একইভাবে জনপ্রশাসন ও পুলিশ প্রশাসনের কোনো পদও স্থায়ী নয়।
প্রধানমন্ত্রী আরও বলেন, সরকার পুলিশ বাহিনীকে এমন রূপ দিতে চায়, যা হবে সত্যিকার জনবান্ধব। পুলিশ প্রশাসন হলো সরকারের আয়না। দুর্নীতি-সন্ত্রাসের ঘটনাকে রাজনৈতিক পরিচয়ে নয়, ব্যক্তি হিসেবে বিবেচনা করুন।
তারেক রহমান বলেন, আইনশৃঙ্খলা বাহিনী যথাযথ চেষ্টা করলে সমৃদ্ধ ও স্বনির্ভর নিরাপদ মানবিক বাংলাদেশ গড়ার পথে একধাপ এগিয়ে যাবে দেশ। পুলিশ সদস্যদের বহুমুখী দক্ষ হওয়া প্রয়োজন। পুলিশের যে কোনো জায়গায় কাজ করার মানসিকতা জরুরি। এ সময় পেশাদারিত্বের সঙ্গে কোনো কম্প্রোমাইজ না করার আহ্বান জানান প্রধানমন্ত্রী।
তিনি বলেন, জুলাই সনদ প্রতিটি অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করবে সরকার। সততা, মেধা ও দক্ষতাই হবে পুলিশ বাহিনীর নিয়োগ, বদলি কিংবা পদোন্নতির মূলনীতি। জনগণ কীভাবে সরকারকে দেখে বা মূল্যায়ন করে তা অনেকটাই নির্ভর করে পুলিশের ভূমিকার ওপর। তাই বাহিনীর সদস্যদের মানবিকতার গুণগুলো রপ্ত করতে হবে।
অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এবং পুলিশের আইজিপিসহ উধ্বর্তন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


