বাংলাদেশের প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর মালয়েশিয়া ও সিঙ্গাপুর সফর উপলক্ষে তার অনুপস্থিতিকালে প্রধান বিচারপতির দায়িত্ব পালন করবেন আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি মো. আশফাকুল ইসলাম।
আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের বিচার শাখা-৪ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। প্রজ্ঞাপন অনুযায়ী, ৯ এপ্রিল ২০২৬ থেকে ১৬ এপ্রিল ২০২৬ পর্যন্ত অথবা প্রধান বিচারপতি তার সফর শেষে পুনরায় দায়িত্ব গ্রহণ না করা পর্যন্ত এই দায়িত্ব বহাল থাকবে।
সংবিধানের ৯৭ অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতি এ বিষয়ে অনুমোদন দিয়েছেন। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনটি জারি করেন সচিব লিয়াকত আলী মোল্লা।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, প্রধান বিচারপতির অনুপস্থিতিতে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের কার্যক্রম নিরবচ্ছিন্নভাবে পরিচালনার লক্ষ্যে এই ব্যবস্থা নেওয়া হয়েছে।


