অতীতে রাজনৈতিক উদ্দেশ্যে জিডিপি প্রবৃদ্ধি ও অর্থনীতির আকার বাড়িয়ে দেখানো হয়েছে বলে অভিযোগ করেছেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর।
রোববার রাজধানীতে জাতীয় রাজস্ব বোর্ডের কার্যালয়ে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি বলেন, ‘আগের সরকারগুলো রাজনৈতিক কারণে জিডিপি প্রবৃদ্ধির হার ও অর্থনীতির সামগ্রিক আকার বাড়িয়ে দেখিয়েছে। এ বিষয়টি সংশোধনে আমরা ইতোমধ্যে সংস্কার শুরু করেছি।’
‘শ্বেতপত্র’ কমিটির তথ্য তুলে ধরে তিনি বলেন, বিভিন্ন খাতে তথ্য বিকৃতির বিষয়টি স্পষ্ট হয়েছে।
তিনি বলেন, ‘শ্বেতপত্র আপনারা দেখেছেন, প্রায় সব খাতেই তথ্য বিকৃত করা হয়েছে। প্রকৃত জিডিপির আকার নির্ধারণ করা গেলে কর-জিডিপি অনুপাতও বাস্তবসম্মত হবে। দুর্নীতির পাশাপাশি সরকারি তথ্য-উপাত্তেও বড় ধরনের অসংগতি ছিল।’
‘শুধু লুটপাট নয়, কাগজে-কলমেও তথ্য বদলানো হয়েছে। সাম্প্রতিক বছরগুলোতে অন্তর্বর্তী সরকারের আগে রাজস্বের যে হিসাব দেখানো হয়েছে, তা বাস্তব আদায়ের সঙ্গে মিল নেই,’ যোগ করেন তিনি।
তিনি বলেন, সরকারের আর্থিক ব্যবস্থাপনা সিস্টেম যাচাই করলে এসব অসংগতি সহজেই ধরা পড়বে। সিস্টেমে দেখলেই বোঝা যাবে, আগের সরকারের দেখানো রাজস্ব বাস্তবতার সঙ্গে মেলে না।
বর্তমান পরিস্থিতিকে ‘বিস্ময়কর’ উল্লেখ করে তিনি বলেন, বর্তমান সরকার একটি ভেঙে পড়া অর্থনীতি উত্তরাধিকার হিসেবে পেয়েছে।
রাশেদ আল মাহমুদ তিতুমীর বলেন, ‘এটা কোনো গোপন বিষয় নয় যে দেশের অর্থনীতি ধসে পড়েছে। আমরা একটি ভঙ্গুর ব্যবস্থা পেয়েছি। একই সঙ্গে বিশ্বের মধ্যে অন্যতম কম কর-জিডিপি অনুপাত, ৭ শতাংশের নিচে অবস্থান থেকে কাজ শুরু করতে হচ্ছে।’
তিনি পশ্চিম এশিয়ায়, বিশেষ করে ইরানকে ঘিরে চলমান উত্তেজনাকেও অর্থনীতির ওপর অতিরিক্ত চাপ হিসেবে উল্লেখ করেন।
‘এই বহিরাগত চাপ পরিস্থিতিকে আরও জটিল করেছে। আমাদের এসব চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে,’ তিনি বলেন।
চলতি অর্থবছরের রাজস্ব লক্ষ্যমাত্রা নিয়ে আশাবাদ ব্যক্ত করে তিতুমীর বলেন, ‘শেষ প্রান্তিকে ভালো অর্জনের প্রত্যাশা রয়েছে। আগামী তিন মাসে আগের যেকোনো সময়ের তুলনায় বেশি লক্ষ্যমাত্রা অর্জনের আশা করছি-এটাই আমাদের তাৎক্ষণিক লক্ষ্য।’
মধ্যম মেয়াদে কর-জিডিপি অনুপাত ১০ শতাংশে এবং ২০৩৫ সালের মধ্যে ১৫ শতাংশে উন্নীত করতে গত বছরের তুলনায় উল্লেখযোগ্য রাজস্ব আদায় বাড়াতে চাই, তিনি যোগ করেন।
এ সময় জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান আব্দুর রহমান খান উপস্থিত ছিলেন।


