বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে উন্মুক্ত বিতর্কে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এই আহ্বান জানান।
তারেক রহমানের উদ্দেশে পোস্টে তিনি লিখেছেন, ‘বৈধতা আসে শুধুমাত্র একটি মুক্ত ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমেই।ন্যায়সংগততা ও জনগণের আস্থা না থাকলে কোনো ফলই মানুষের আস্থা অর্জন করতে পারে না।’
‘জুলাই বিপ্লবের পর, আমাদের দায়িত্ব তরুণ প্রজন্মের কাছে প্রমাণ করা যে রাজনীতিও শালীন, সভ্য ও সংঘাতমুক্ত হতে পারে। আসুন, আমরা গণমাধ্যম ও জনসম্মুখে দাঁড়িয়ে এমন একটি দৃষ্টান্ত স্থাপন করি—যে শাসনব্যবস্থা হবে সমালোচনার জন্য উন্মুক্ত, জবাবদিহিমূলক ও স্বচ্ছ,’ যোগ করেন তিনি।
তারেক রহমানের ‘প্ল্যানের’ প্রসঙ্গ টেনে তিনি লিখেছেন, ‘যেহেতু আপনার পরিকল্পনা উপস্থাপন করেছেন, আমি আপনাকে একটি উন্মুক্ত মঞ্চে সরাসরি আলোচনায় অংশগ্রহণের আমন্ত্রণ জানাচ্ছি, যেখানে আমরা জাতির সামনে নিজ নিজ ইশতেহার তুলে ধরব এবং জনগণই সিদ্ধান্ত নেবে।’
বাংলাদেশের জন্য একটি নতুন অধ্যায়ের সূচনা করার আহ্বান জানিয়ে তিনি লিখেছেন, ‘যেখানে আমরা সবাই জনগণের ইচ্ছার প্রতি সম্মান জানাতে অঙ্গীকারবদ্ধ থাকব।’


