এই শান্ত, সেই শান্ত: সাইডবেঞ্চ থেকে চ্যাম্পিয়ন ক্যাপ্টেন

এই শান্ত, সেই শান্ত: সাইডবেঞ্চ থেকে চ্যাম্পিয়ন ক্যাপ্টেন
রাজশাহী ওয়ারিয়র্সের শিরোপা জেতা অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। ছবি: বিসিবি
Advertisement
Advertisement

টানা দুই মৌসুম বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) শিরোপা জিতলেন নাজমুল হোসেন শান্ত। অবশ্য দুই আসরের শিরোপার স্বাদে বিস্তর ফারাক, সেটা বলাই বাহুল্য। কারণ গত বিপিএলে ফরচুন বরিশালের হয়ে ট্রফি নিয়ে আনন্দ করেছেন স্কোয়াডের ক্রিকেটার হিসেবে, আর এবার রাজশাহী ওয়ারিয়র্সকে নেতৃত্ব দিয়ে করলেন চ্যাম্পিয়ন। দুটোর তৃপ্তি নিশ্চয়ই আলাদা?

শান্ত আলাদা করতে পেরেছেন। কারণ গেল মৌসুমের চ্যাম্পিয়ন বরিশালের হয়ে সাকুল্যে ম্যাচ খেলেছিলেন পাঁচটি। বাকি সব ম্যাচে টিম কম্বিনেশনের জন্য বসে থাকতে হয়েছে সাইডবেঞ্চে। খেলেছেন উইকেটকিপার হিসেবেও। এমনকি খেলা শুরুর আগে বা মিড ইনিংসে মাঠে রানিংয়ে থাকলেও পুরো গ্যালারির দর্শক হুমড়ি খেয়ে পড়ত তাকে দুয়ো দিতে।

তাই শান্ত এগিয়ে রাখলেন রাজশাহীর সাথে এবারের চ্যাম্পিয়ন হওয়ার যাত্রাকেই। ফাইনাল জেতার পর সংবাদ সম্মেলনে এই বাঁহাতি ব্যাটার বলেন, ‘গত বছরও ভালো লেগেছে; কিন্তু অবদান রাখতে পারলে আরও বেশি ভালো লাগে। যেটা আমার মনে হয় যে আমি এ বছর করতে পেরেছি খেলোয়াড় ও অধিনায়ক হিসেবে। এটা বাড়তি ভালো লাগার বিষয়। প্রথমবার অধিনায়ক হিসেবে বিপিএল জেতাটা অনেক স্পেশাল।’

আগের মৌসুমে ম্যাচ খেলার তেমন সুযোগ না পেলেও এবার টুর্নামেন্ট শেষ করেছেন চতুর্থ সর্বোচ্চ রান সংগ্রাহক হয়ে, ১৩ ম্যাচে ৩৫৫, এর মধ্যে আছে একটি সেঞ্চুরিও। এসবের সাথে শান্তর তৃপ্তি বাড়াচ্ছে নিজ বিভাগ রাজশাহীর ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলতে পারার আনন্দ।

প্রথমবারের মতো রাজশাহী নামের কোনো দলের হয়ে বিপিএল খেলা নিয়ে শান্ত বলেন, ‘এখানে বেশি আবেগ জড়িয়ে আছে। রাজশাহী হয়ে খেলার কখনো সুযোগ হয়নি। এবার অধিনায়ক হিসেবে খেলা এবং পাশাপাশি দলকে জেতাতে পেরে একটা বাড়তি ভালো লাগা আছে। কারণ আমার ওপর একটা বড় দায়িত্ব ছিল।  মন থেকে চেষ্টা করেছি রাজশাহীর যত মানুষ আছে তাদের একটা সুন্দর উপহার দিতে।’

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর