কক্সবাজারের টেকনাফে পাহাড় থেকে পড়ে গুরুতর আহত হওয়া একটি বন্য হাতির দ্রুত ও যথাযথ চিকিৎসার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আহত হাতিটিকে সুস্থ করে তুলতে প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে।
শনিবার সন্ধ্যায় প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এ তথ্য জানান।
তিনি বলেন, টানা ভারি বর্ষণের কারণে পাহাড়ের মাটি নরম হয়ে ধসে যায়। এতে টেকনাফ পৌরসভার নাইট্যাংপাড়া এলাকার প্রায় ৩০০ ফুট উঁচু পাহাড় থেকে একটি বন্য হাতি নিচে পড়ে গুরুতর আহত হয়।
আতিকুর রহমান রুমন জানান, ঘটনাটি জানার পর প্রধানমন্ত্রী উদ্বেগ প্রকাশ করেন এবং আহত হাতিটির চিকিৎসাকে সর্বোচ্চ গুরুত্ব দিতে নির্দেশ দেন। একই সঙ্গে হাতিটিকে সুস্থ করে তুলতে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।
তিনি আরও জানান, প্রধানমন্ত্রীর নির্দেশনার পর স্থানীয় প্রশাসন, বন বিভাগ ও প্রাণিসম্পদ বিভাগের চিকিৎসকরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে চিকিৎসা শুরু করেন। আহত হাতিটির ক্ষতস্থানে সেলাই দেওয়া হয়েছে এবং তার শারীরিক অবস্থার নিবিড় পর্যবেক্ষণ চলছে।
স্থানীয় প্রশাসনের বরাত দিয়ে অতিরিক্ত প্রেস সচিব জানান, বন বিভাগ, পুলিশ এবং স্থানীয় প্রশাসন সমন্বিতভাবে হাতিটির চিকিৎসা ও সার্বিক পরিচর্যায় কাজ করছে। বিশেষ করে হাতিটির পেছনের দুই পায়ে গুরুতর আঘাত রয়েছে। এছাড়া বুক ও পেটেও ক্ষত হয়েছে।
এর আগে শনিবার টেকনাফ পৌরসভার নাইট্যাংপাড়া ও সদর বনবিটের শিয়াল্যাঘোনা এলাকায় হাতিটি পাহাড় থেকে পড়ে আহত হয়।


