২০২৮ সালের ইউরো ঘরের মাঠে জয়ের লক্ষ্য নিয়ে বিশ্বকাপের ইতিবাচক দলীয় পরিবেশ ধরে রাখতে চান ইংল্যান্ডের কোচ থমাস টুখেল। শুক্রবার ওয়েম্বলিতে ২৭ সদস্যের দল ঘোষণা করে এ কথা বলেন তিনি।
আগামী ২৬ সেপ্টেম্বর বিশ্বচ্যাম্পিয়ন স্পেনের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে ইংল্যান্ডের চার ম্যাচের নেশনস লিগ ক্যাম্প। বিশ্বকাপ শেষ হওয়ার নয় সপ্তাহ পর এই দল ঘোষণা করেন টুখেল।
বিশ্বকাপে বিতর্কিতভাবে বাদ পড়া রিয়াল মাদ্রিদের ডিফেন্ডার ট্রেন্ট আলেক্সান্ডার-আর্নল্ড ও চেলসির ফরোয়ার্ড কোল পামার দলে ফিরেছেন। প্রথমবারের মতো জাতীয় দলে ডাক পেয়েছেন লিভারপুলের কিশোর উইঙ্গার রিও এনগুমোহা, বোর্নমাউথের মিডফিল্ডার অ্যালেক্স স্কট ও এভারটনের ডিফেন্ডার জারাড ব্রান্থওয়েট।
চোটের কারণে বিশ্বকাপের দলে থাকা জন স্টোনস, ডিজেড স্পেন্স, ড্যান বার্ন, জর্ডান হেন্ডারসন, ডিন হেন্ডারসন ও রিস জেমস এবার নেই।
টুখেল বলেন, নেশনস লিগকে তিনি নতুন শুরুর জায়গা হিসেবে দেখছেন না। বিশ্বকাপে তৈরি হওয়া ভিত্তির ওপরই দলকে এগিয়ে নিতে চান তিনি।
টুখেল বলেন, ‘আমি মনে করি না আমরা নতুন করে শুরু করছি। আমাদের হাতে শক্ত ও মূল্যবান একটি ভিত্তি আছে। সেটির ওপরই আমরা এগিয়ে যাব। লক্ষ্য ঘরের মাঠে ইউরো জেতা।’
২০২৮ সালের ইউরো যৌথভাবে আয়োজন করবে ইংল্যান্ড, স্কটল্যান্ড, ওয়েলস ও আয়ারল্যান্ড।
বিশ্বকাপে দ্বিতীয়বার শিরোপা জিততে না পারার হতাশার কথাও তুলে ধরেন টুখেল। তবে দল নির্বাচন নিয়ে তাঁর কোনো অনুশোচনা নেই।
তিনি বলেন, ‘অনেক রাত আমার ঘুমহীন কেটেছে। তবে দল নির্বাচন নিয়ে এক রাতও ঘুম হারাম হয়নি। সাত সপ্তাহের বেশি সময় আমি এই খেলোয়াড়দের সঙ্গে ছিলাম। তারা অসাধারণ ছিল।’
বিশ্বকাপে আর্জেন্টিনার কাছে সেমিফাইনালে হারের পর টুখেলের কৌশল নিয়ে সমালোচনা হয়েছিল। ১-০ গোলে এগিয়ে থেকেও শেষ দিকে দুই গোল হজম করে ম্যাচটি হারে ইংল্যান্ড।
এ প্রসঙ্গে টুখেল বলেন, ‘আমরা সমালোচনামূলক পর্যালোচনা করেছি। সেগুলো নিজেদের মধ্যে থাকবে। আমি নিজেকেই সবচেয়ে বেশি সমালোচনা করি। উন্নতির জন্য নিজের কাজ পর্যালোচনা করা প্রয়োজন। কোচিংয়ে অভিজ্ঞতা গুরুত্বপূর্ণ।’
তবে ফ্রান্সকে ৬-৪ গোলে হারিয়ে তৃতীয় হওয়াকে ইংল্যান্ডের গুরুত্বপূর্ণ অর্জন হিসেবে দেখছেন তিনি।
পামারকে দলে ফেরানোর কারণ জানিয়ে টুখেল বলেন, মৌসুমের শুরুতে চেলসির হয়ে তাঁর পারফরম্যান্স তাঁকে মুগ্ধ করেছে।
‘তার গোল-সহায়তার পরিসংখ্যান আবার ভালো হয়েছে। অ্যাসিস্ট ফিরেছে, গুরুত্বপূর্ণ গোলও এসেছে। এ কারণেই সে দলে আছে। তার নিজেকে প্রমাণ করার সুযোগও আছে’, বলেন টুখেল।
ট্রেন্টকে নিয়ে তিনি বলেন, ‘ট্রেন্ট কখনোই আমাদের তালিকার বাইরে ছিল না। তাকে কখনোই নির্বাচনের অযোগ্য হিসেবে বিবেচনা করা হয়নি। এখন নিজের সেরা সংস্করণ তুলে ধরার সুযোগ তার সামনে।’
ওয়েম্বলিতে স্পেনের বিপক্ষে ম্যাচ নিয়ে টুখেল বলেন, ‘আমরা মনে করছি ব্যবধান কমে আসছে। আমরা কাছাকাছি পৌঁছে গেছি। এখন সেটির প্রমাণ দিতে চাই।’
আগামী আন্তর্জাতিক বিরতিতে চেক প্রজাতন্ত্রের বিপক্ষে দুটি ম্যাচ খেলবে ইংল্যান্ড। ক্রোয়েশিয়ার বিপক্ষেও একটি ম্যাচ রয়েছে।


