দেশের পাঁচ জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দিয়েছে সরকার। এসব জেলার বর্তমান জেলা প্রশাসকদের গত ১ মার্চ প্রত্যাহার করে পরবর্তী পদায়নের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।
রোববার জনপ্রশাসন মন্ত্রণালয়ের জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। নতুন নিয়োগ পাওয়া কর্মকর্তাদের মধ্যে স্থানীয় সরকার বিভাগের উপসচিব মো. নূরুল করিম ভূঁইয়া গাজীপুরের জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব পেয়েছেন।
বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের পরিচালক (মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগে বদলির আদেশাধীন) আবু ছালেহ মো. মুসা জঙ্গীকে চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক করা হয়েছে।
এ ছাড়া বাণিজ্য মন্ত্রণালয়ের উপসচিব মোসা. শুকরিয়া পারভীনকে পঞ্চগড়, জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মো. তৌহিদ বিন হাসানকে কুষ্টিয়া এবং গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপসচিব খন্দকার মুশফিকুর রহমানকে নেত্রকোনার জেলা প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।


