পল্লবীতে উচ্ছেদ অভিযানে পুলিশের ওপর হামলা

পল্লবীতে উচ্ছেদ অভিযানে পুলিশের ওপর হামলা
ভিডিও থেকে ধারণকৃত। ছবি: টাইমস
Advertisement
Advertisement

রাজধানীর পল্লবীর বাউনিয়াবাঁধ এলাকায় সরকারি জমি উদ্ধারে পরিচালিত উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে বুধবার উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। অভিযানের সময় স্থানীয়দের একাংশ পুলিশের ওপর হামলা চালিয়েছে বলে অভিযোগ উঠেছে।
সকাল ১০টার দিকে কালশী স্টিল ব্রিজ ও সুইচ গেট এলাকায় অভিযান শুরু হয়। ঢাকা-১৬ আসনের এমপি আব্দুল বাতেন, একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং বিপুলসংখ্যক পুলিশ সদস্যের উপস্থিতিতে এ অভিযান পরিচালিত হয়।

কর্তৃপক্ষের দাবি, জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের প্রায় ৫০ বিঘা জমি দীর্ঘদিন ধরে দখল করে রাখা হয়েছিল। ওই জমিতে বস্তিঘর, গ্যারেজ, ভাঙারির দোকান, কথিত মাদক আড্ডা ও রাজনৈতিক ক্লাব গড়ে তোলা হয়।

স্থানীয় সূত্র জানায়, দীর্ঘদিন ধরে অবৈধ দখলে থাকা জমিতে বিভিন্ন ধরনের স্থাপনা নির্মাণ করা হয়েছিল।

অভিযান চলাকালে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। এক পর্যায়ে যুবদল নেতা লালচান ও তার অনুসারীরা পুলিশের দিকে ইটপাটকেল নিক্ষেপ করে হামলা চালায় বলে অভিযোগ ওঠে। সংঘর্ষ তীব্র আকার ধারণ করলে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায় এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট ও পুলিশ সদস্যদের নিরাপদ স্থানে সরে যেতে হয়।

ঘটনাস্থলের ভিডিও ফুটেজে দেখা গেছে, এক ব্যক্তিকে আওয়ামী লীগের কর্মী বলে চিহ্নিত করে মারধর করা হচ্ছে। তাকে উদ্ধার করতে গেলে পুলিশ সদস্যরাও বাধার মুখে পড়েন বলে জানা গেছে।
এদিকে ঘটনাস্থলে উপস্থিত সাংবাদিকদের ভিডিও ধারণে বাধা দেওয়ার অভিযোগও উঠেছে।
তবে এ বিষয়ে তাৎক্ষণিকভাবে অভিযুক্তদের বক্তব্য পাওয়া যায়নি। ঘটনার বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকেও বিস্তারিত আনুষ্ঠানিক বক্তব্য জানানো হয়নি।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর