রাজবাড়ী জেলার দৌলতদিয়ায় পদ্মা নদীতে জেলেদের আলাদা আলাদা জালে ২০, ২৫ এবং ১৮ কেজির তিনটি বিশালাকার কাতল মাছ ধরা পড়েছে। মাছ তিনটি সিলেটে বসবাসরত এক লন্ডন প্রবাসী ১ লাখ ১৬ হাজার ২০০ টাকায় কিনে নিয়েছেন।
রোববার ভোর ৬ টার দিকে পদ্মা নদীর চর কর্ণসোনা এলাকায় স্থানীয় জেলে বাবু হালদার, আরিফ ও এরশাদের জালে কাতল মাছ তিনটি ধরা পড়ে।
পরে সকালে দৌলতদিয়া টার্মিনালে উন্মুক্ত নিলামে মাছ তিনটি নিয়ে আসে জেলেরা। সেখানে আনু খার আড়তে ২৫ কেজি ওজনের কাতলটি প্রতি কেজি ২ হাজার ১০০ টাকা দরে মোট ৫২ হাজার ৫০০ টাকায়, রেজাউলের আড়তে ২০ কেজি ওজনের কাতলটি প্রতি কেজি ১ হাজার ৭০০ টাকা দরে মোট ৩৪ হাজার টাকায় এবং ১৮ কেজি ওজনের কাতলটি প্রতি কেজি ১ হাজার ৩০০ টাকা দরে মোট ২৩ হাজার ৪০০ টাকায় বিক্রি হয়েছে। তিনটি মাছ ১ লাখ ৯ হাজার ৯০০ টাকায় কেনেন স্থানীয় মাছ ব্যবসায়ী শাহজাজান শেখ।
পরে তিনি মাছ তিনটি সিলেট জেলার একজন লন্ডন প্রবাসীর কাছে প্রতি কেজি ১০০ টাকা লাভে ১ লাখ ১৬ হাজার ২০০ টাকায় বিক্রি করেন।
জেলা মৎস্য কর্মকর্তা মো. মাহবুব উল হক বলেন, ‘মাছের উৎপাদন বাড়াতে সরকারের বিভিন্ন নিষেধাজ্ঞা যথাযথভাবে বাস্তবায়নের ফলেই এ ধরনের বড় আকৃতির মাছ পাওয়া যাচ্ছে।’


