রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সাক্ষাৎ করেছেন দেশের ৩৩টি জেলা পরিষদের প্রশাসক। রোববার দুপুরে তারা এই সৌজন্য সাক্ষাৎ করেন।
এ সময় রাষ্ট্রপতি প্রশাসকদের উদ্দেশে বলেন, ফ্যাসিস্ট আমলের রেখে যাওয়া দুর্নীতি থেকে বেরিয়ে এসে সক্রিয়ভাবে কাজ করতে হবে।
গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া ও শক্তিশালী করতে তিনি স্থানীয় সরকারব্যবস্থাকে আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন। রাষ্ট্রপতির প্রেস উইং থেকে এ তথ্য জানানো হয়।
স্থানীয় সরকার গণতন্ত্রের সবচেয়ে বড় শক্তি বলে উল্লেখ করে রাষ্ট্রপতি জেলা পরিষদের প্রশাসকদের নির্দেশনা দিয়ে বলেন, ফ্যাসিস্ট আমলের রেখে যাওয়া দুর্নীতি থেকে বেরিয়ে আসার জন্য আপনাদের সক্রিয় এবং সজাগ থেকে কাজ করতে হবে।
সাক্ষাৎকালে জেলা পরিষদের প্রশাসকরা রাষ্ট্রপতির কাছে তাদের পদমর্যাদা বৃদ্ধিসহ বিভিন্ন দাবি তুলে ধরেন। রাষ্ট্রপতি তাদের আশ্বস্ত করে বলেন, এই সরকার জনগণের সরকার, সমস্যা সমাধানে দ্রুত পদক্ষেপ নেওয়া হবে।
ক্ষমতা বিকেন্দ্রীকরণে স্থানীয় সরকারব্যবস্থা শক্তিশালী করার ওপর সরকার গুরুত্বসহকারে কাজ করছে বলেও রাষ্ট্রপতি উল্লেখ করেন।
তিনি গণতন্ত্র পুনরুদ্ধার ও দীর্ঘকাল ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলনে জেলা পরিষদের প্রশাসকদের সক্রিয় অংশগ্রহণের কথা কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেন।
রাষ্ট্রপতি জেলা পরিষদগুলোর উন্নয়নমূলক কর্মকাণ্ডে গতিশীলতা আনা, স্থানীয় পর্যায়ে নাগরিক সেবা নিশ্চিত করা এবং প্রশাসনিক স্বচ্ছতা বজায় রাখতে প্রশাসকদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।


