আদাবরে নারীর খণ্ডিত মরদেহ: এবার উদ্ধার দুই পা, মেলেনি পরিচয়

আদাবরে নারীর খণ্ডিত মরদেহ: এবার উদ্ধার দুই পা, মেলেনি পরিচয়
প্রতীকী ছবি
Advertisement
Advertisement

রাজধানীর আদাবর এলাকায় এক নারীর মাথা, দুই হাত এবং শরীরের অংশ উদ্ধারের পর এবার মিলেছে তার দুই পা। তবে এখনো ভুক্তভোগী নারীর পরিচয় শনাক্ত করতে পারেনি পুলিশ।

রোববার দুপুরে আদাবর ১০ নম্বরের খাল থেকে বস্তাবন্দী অবস্থায় পা দুটি উদ্ধার করা হয়।

এর আগে শনিবার বিকাল সাড়ে ৪টার দিকে খালপাড়ের ময়লার মধ্যে একটি ব্যাগ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পরে পুলিশ খণ্ডিত মরদেহ উদ্ধার করে। সেসময় নিহত নারীর দুই পা পাওয়া যায়নি।

স্থানীয়রা জানান, আদাবর ১০ নম্বর বালুর মাঠসংলগ্ন খালপাড়ে দীর্ঘ সময় ধরে একটি কালো রঙের ব্যাকপ্যাক পড়ে ছিল। পরে কৌতূহলবশত স্থানীয়রা ব্যাগটি টান দিলে প্রথমে একটি হাত এবং পরে মাথা গড়িয়ে পড়ে। পরে খালে তল্লাশি চালিয়ে মরদেহের আরও দুটি অংশ উদ্ধার করা হয়।

এ বিষয়ে আদাবর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল ইসলাম বলেন, ‘আজ আমরা খবর পেয়ে আদাবর ১০ নম্বরের খাল থেকে বস্তাবন্দী অবস্থায় দুটি বিচ্ছিন্ন পা উদ্ধার করেছি। এর আগে গতকাল এক নারীর মাথা, হাত ও শরীরের অংশ উদ্ধার করা হয়।’

তিনি আরও বলেন, ‘এখন পর্যন্ত ওই নারীর পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। এ ঘটনায় আদাবর থানায় কোনো নারী নিখোঁজ হয়েছেন—এমন সাধারণ ডায়েরি করার ঘটনাও ঘটেনি। আমরা খুব শিগগির ঘটনার রহস্য উদ্ঘাটনের চেষ্টা করছি।’

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর