ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের নতুন ভবনের একটি নষ্ট লিফটে লাগা আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
সোমবার বিকাল পৌনে ৬টার দিকে আগুনের সূত্রপাত হয় বলে জানিয়েছেন হাসপাতালের স্টোর অফিসার ঝন্টু সরকার।
তিনি জানান, হাসপাতালের লিফটটি দীর্ঘদিন ধরে নষ্ট এবং ময়লা-আবর্জনায় ভরা ছিল। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ময়মনসিংহ সদর থেকে তিনটি ইউনিট ও বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
হাসপাতালের আনসার ও পুলিশ সদস্যদের ধারণা, সিগারেটের আগুন অথবা বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে। ভবনের দ্বিতীয় তলার নষ্ট লিফট থেকে আগুন ওপরের দিকে ছড়িয়ে পড়ে।
আগুন লাগার খবর ছড়িয়ে পড়লে আটতলা ভবনে থাকা রোগী ও স্বজনদের মধ্যে আতঙ্ক তৈরি হয়। অনেকে হুড়োহুড়ি করে ভবন থেকে রাস্তায় নামতে গিয়ে আহত হন। নিরাপত্তাকর্মীরা শিশু ও নারীসহ রোগী ও স্বজনদের নিরাপদে সরিয়ে নিতে সহযোগিতা করেন।
এ সময় চিকিৎসক, নার্সসহ হাসপাতালের কর্মীরাও দ্রুত ভবন থেকে বের হয়ে আসেন। আগুনের খবর পেয়ে হাসপাতাল চত্বরে শত শত উৎসুক মানুষ ভিড় করেন।


