নেত্রকোনা সদর উপজেলার এইচএসসি পরীক্ষার্থী মোস্তফা আমির ফয়সাল (২০) হত্যা মামলার আসামিদের দ্রুত গ্রেপ্তার ও তদন্ত কর্মকর্তা পরিবর্তনের দাবি জানিয়েছে নিহতের পরিবার।
সোমবার নেত্রকোনা জেলা প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে এ দাবি জানায় পরিবার।
নিহতের বাবা মো. নজরুল ইসলাম জানান, গত ১ জুন রাতে একটি গায়েহলুদের অনুষ্ঠানে উচ্চস্বরে গান বাজানোকে কেন্দ্র করে কথা-কাটাকাটির একপর্যায়ে কয়েকজন লাঠি ও লোহার রড নিয়ে হামলা চালায়। এতে আমির ফয়সাল গুরুতর আহত হন।
পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ২ জুন রাতে তার মৃত্যু হয়।
এ ঘটনায় ১৯ জনের নাম উল্লেখ করে এবং ২০ থেকে ২৫ জনকে অজ্ঞাতনামা আসামি করে মামলা করা হয়। নিহতের পরিবারের অভিযোগ, এখন পর্যন্ত মাত্র দুইজন গ্রেপ্তার হলেও অন্য আসামিরা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন। মামলা তুলে নিতে পরিবারকে হুমকি দেওয়া হচ্ছে বলেও অভিযোগ করেন তারা।
সংবাদ সম্মেলনে তদন্ত কর্মকর্তার বিরুদ্ধে পক্ষপাতিত্ব ও অর্থনৈতিক সুবিধা নেওয়ার অভিযোগ তুলে তদন্তের দায়িত্ব অন্য কর্মকর্তার হাতে দেওয়ার দাবি জানানো হয়।
একই সঙ্গে সব আসামিকে দ্রুত গ্রেপ্তার এবং সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের দাবি জানায় নিহতের পরিবার।


