পায়ের পেশির আঘাত থেকে পুরোপুরি সেরে উঠেছেন নেইমার। বৃহস্পতিবার সকালে স্কটল্যান্ডের বিপক্ষে ব্রাজিলের গুরুত্বপূর্ণ বিশ্বকাপ গ্রুপ ম্যাচের আগে এই অভিজ্ঞ ফরোয়ার্ডকে নিয়ে ইতিবাচক বার্তা দিয়েছেন কোচ কার্লো আনচেলত্তি। শেষ ৩২ এর টিকিট নিশ্চিত করার লক্ষ্যে মিয়ামি গার্ডেন্সে স্কটল্যান্ডের মুখোমুখি হবে ব্রাজিল।
আনচেলত্তি জানিয়েছেন, নেইমার পুরো সপ্তাহ জুড়ে খুব ভালো অনুশীলন করেছেন এবং দল নির্বাচনের জন্য তিনি সম্পূর্ণ প্রস্তুত আছেন। মঙ্গলবারে দেওয়া এক বিবৃতিতে এই ইতালিয়ান কোচ বলেন, ‘নেইমার এখন খেলার জন্য প্রস্তুত, এই সপ্তাহে খুব ভালো অনুশীলন করেছে। ও ফিট এবং মাঠে নামার জন্য তৈরি এবং দলে ফেরায় আমরা অত্যন্ত আনন্দিত। নেইমার অত্যন্ত উচ্চমানের একজন খেলোয়াড়।’
পুনরুদ্ধার পর্বে নেইমারের কঠোর পরিশ্রমের ভূয়সী প্রশংসা করেন ব্রাজিল কোচ। তিনি বলেন, এই ফরোয়ার্ড দলের প্রতি দারুণ নিবেদন দেখিয়েছেন এবং স্কোয়াডে তার উপস্থিতি সবসময় গুরুত্বপূর্ণ।
আনচেলত্তি আরও যোগ করেন, নেইমার চাইলে প্রথমার্ধের পর অর্থাৎ হাফ টাইমে নামতে পারে অথবা পুরো ৯০ মিনিট খেলতে পারে। সে খুব ভালো অবস্থানে আছে, অনেক কঠোর পরিশ্রম করেছে। তার মনোভাব দারুণ, ও বেশ ফুরফুরে মেজাজে আছে। নেইমার একজন বড় মাপের খেলোয়াড় এবং চমৎকার সতীর্থ। ও নিজের কাজের প্রতি ভীষণ সিরিয়াস এবং আমরা ওকে যত দ্রুত সম্ভব মাঠে ফিরিয়ে আনতে চাই। আমি সত্যি খুব খুশি। ও দলে অভিজ্ঞতা ও চতুরতা নিয়ে আসে, ও খুব ভালো করছে।’
রাফিনহার ইনজুরি ও বিকল্পের খোঁজ
নেইমারের ফেরা ব্রাজিল শিবিরে স্বস্তি এনে দিলেও দলটিকে মাঠের বাইরে রাখতে হচ্ছে রাফিনহাকে। হাইতির বিপক্ষে ৩-০ গোলে জয়ের ম্যাচে বার্সেলোনার এই উইঙ্গার হ্যামস্ট্রিং ইনজুরির শিকার হন। ম্যাচের ৪০তম মিনিটে মাঠ ছাড়তে বাধ্য হওয়া রাফিনহা সি গ্রুপের এই শেষ ম্যাচে খেলতে পারবেন না।
আনচেলত্তি জানিয়েছেন, রাফিনহার জায়গায় কে খেলবেন তা তিনি ইতোমধ্যে নির্ধারণ করে ফেলেছেন, তবে কৌশলগত কারণে খেলোয়াড়ের নাম প্রকাশ করেননি। হাইতির বিপক্ষে বদলি হিসেবে নেমে নজর কাড়া বোর্নমাউথের তরুণ রেয়ান আছেন এই দৌড়ে।
আনচেলত্তি বলেন, সেরা সম্ভাব্য একাদশ নিয়ে একটি ভালো ম্যাচ খেলা ছাড়া আমরা এই মুহূর্তে অন্য কিছু ভাবছি না। রাফিনহার জায়গায় কে খেলবেন, সে বিষয়ে আমাদের ধারণা একদম পরিষ্কার।
নিজেদের প্রথম দুই ম্যাচ থেকে ব্রাজিলের সংগ্রহ এখন ৪ পয়েন্ট। বৃহস্পতিবার স্কটল্যান্ডের বিপক্ষে কেবল একটি ড্র করতে পারলে সেলেসাওদের নকআউট পর্ব নিশ্চিত হবে। অন্যদিকে ৩ পয়েন্ট নিয়ে স্কটল্যান্ডের সামনেও এখনো পরের রাউন্ডে যাওয়ার সুযোগ রয়েছে। সি গ্রুপের অন্য ম্যাচে আটলান্টায় হাইতির মুখোমুখি হবে মরক্কো; যার মাধ্যমে এই গ্রুপের নকআউটে যাওয়ার চূড়ান্ত লড়াইয়ের মীমাংসা হবে।


