সেন্সর বোর্ডের জটিলতা, প্রযোজকদের সমস্যাসহ নানা কারণে মুক্তি আটকে ছিল রায়হান রাফী পরিচালিত ‘নূর’ ও ‘অমীমাংসিত’ সিনেমার। দীর্ঘ জট কাটিয়ে এ মাসেই মুক্তি পেতে যাচ্ছে ছবি দুটি।
এর মধ্যে নূর আসবে বায়স্কোপ প্লাসে, অমীমাংসিত আই-স্ক্রিনে।
বায়স্কোপ প্লাস সূত্র বলছে ‘নূর’ মুক্তি পাবে ১১ ডিসেম্বর। আই-স্ক্রিন জানাচ্ছে, ‘অমীমাংসিত’ মুক্তির তারিখ ১২ ডিসেম্বর থাকলেও ‘নূর’-এর কারণে তারা তা পেছানোর পরিকল্পনা করছেন। তবে তা ২০ ডিসেম্বরের মধ্যেই হবে।
ছবি দুটি মুক্তির প্রতিক্রিয়ায় রায়হান রাফী বলেন, ‘অবশেষে ছবি দুটি মুক্তি পাচ্ছে। এটা আনন্দের। আপনারা তো জানেনই অমীমাংসিত সেন্সর বোর্ডে আটকা ছিল। না হলে এত দেরি হতো না। আর নূর নিয়েও কিছু জটিলতা ছিল। নানা কারণে ছবিটি মুক্তি পায়নি’
নির্মাণের পর কোনো ছবি আটকে থাকাটা একজন পরিচালকের জন্য অনেক কষ্টের এবং চাপের। এ নিয়ে রাফী বলেন, ‘চাপের পাশাপাশি এটা বেশ দুঃখজনক ব্যাপারও। কারণ আমরা ছবি তো মানুষকে দেখানোর জন্যই বানাই। সেটা যদি সম্ভব না হয়, তাহলে তো ভালো লাগার কথা নয়।’
নির্মাণের প্রায় পাঁচ-ছয় বছর পর মুক্তি পাচ্ছে ‘নূর’। স্বাভাবিকভাবে প্রশ্ন আসে এখানকার সময়টাকে ছবিটি ধরতে পারবে কি?
জবাবে রাফী বলেন, ‘নূর যে সময়ের ছবি, তখনকার হিসেবে বেশ ভালো। ৪৫-৫০ লাখ টাকা বাজেটে ছবিটি বানিয়েছি। এরপর আমার অনেকগুলো ছবি এসেছে। আমার কাজ এবং সময় দুটোতেই পরিবর্তন এসেছে। তবু এখনো পর্যন্ত ছবিটা নিয়ে মানুষের প্রতিক্রিয়া পজিটিভ। সোশ্যাল মিডিয়ায় ছবিটি নিয়ে পজিটিভ রিঅ্যাকশন দেখতে পাচ্ছি।’
সিনেমা হলে মুক্তি না দিয়ে ওটিটিতে কেন, জানতে চাইলে রাফী বলেন, ‘সিনেমা হলে মুক্তি দেওয়ার ইচ্ছা আসলেই ছিল। কিন্তু সেটার জন্য আরো কিছু দৃশ্য রি-শ্যুট করতে হতো। তার জন্য অনেক টাকারও দরকার। যেটার জোগান ছিল না। আবার দেশের পরিস্থিতি পরিবর্তন হয়েছে, প্রযোজক ছবিটি আরেকজনের কাছে বিক্রি করেছেন। সব মিলিয়ে অনেক জটিলতা ছিল।’
‘ওটিটিতে মুক্তি দেওয়া হচ্ছে এবং আমার মনে হয়, ওটিটির জন্য এটা বেশ ভালো কনটেন্ট। মানুষ ঘরে বসে ছবিটা দেখবে, আবেগে চোখ ভিজবে, নিজেই তা মুছে নেবে।’
‘নূর’ এরই মধ্যে হিট হয়ে গেছে বলেও জানালেন এই পরিচালক।
মুক্তির আগেই কীভাবে হিট হলো জানতে চা্যইলে বলেন, ‘যে বাজেটে ছবিটি বানিয়েছি, তার ডাবল টাকায় ওটিটিতে বিক্রি হয়েছে। ব্যবসাসফল ছবি হিসেবেই এটি মুক্তি পাচ্ছে। সুতরাং আমার টেনশন নেই।’
নিজের সব কাজ নিয়ে নিয়মিত প্রচার চালান রাফী। কিন্তু ‘নূর’-এর ক্ষেত্রে ব্যতিক্রম। কারণ হিসেবে জানালেন, তিনি এ মুহূর্তে অসুস্থ, তাই পারছেন না। তিনি চান দর্শক ছবিটি নিয়ে কথা বলুক।
‘অমীমাংসিত’ নিয়েও তিনি অনেক আশাবাদী বলে জানালেন রাফী। তিনি বলেন, ‘বেশ চ্যালেঞ্জিং একটা কাজ। অযথাই সেন্সর বোর্ড আটকে রেখেছিল।’
‘আন্ধার’-এর শুটিং শেষ করেছেন সম্প্রতি।
রাফী জানালেন, আগামী ঈদে ‘আন্ধার’-এর আগে অন্য আরেকটি ছবি আসবে তার। তবে সেটি এখনই জানাতে চান না তিনি।


