নীলফামারীর জলঢাকা উপজেলার বানপাড়া স্লুইসগেট থেকে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রোববার সকালে উপজেলার ১০ নম্বর শৈলমারী ইউনিয়নের ওই সুইচগেট থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত যুবকের নাম মাসুদ রানা। তিনি ওই এলাকার বাসিন্দা।
নিহতের পরিবার জানায়, মাসুদ রানা দুইদিন আগে ঢাকা থেকে নিজ বাড়িতে ফিরে আসেন। পরে শনিবার বাড়ি থেকে বের হলে রাতে আর ফেরেননি। রাতেই বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করা হয়। রোববার সকালে বানপাড়া স্লুইসগেট এলাকার একটি গাছে গলায় ফাঁস দেওয়া অবস্থায় মাসুদ রানার মরদেহ দেখতে পান স্থানীয়রা। পরে বিষয়টি পুলিশে জানানো হয়।
খবর পেয়ে জলঢাকা থানা-পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে। পরে সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্তের জন্য নীলফামারী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
স্থানীয় বাসিন্দা নুর মোহাম্মদ জানান, কয়েকদিন ধরে মাসুদের আচরণ কিছুটা অস্বাভাবিক ছিল।
জলঢাকা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হোসেন বলেন, ‘ময়নাতদন্তের প্রতিবেদন না পাওয়া পর্যন্ত মৃত্যুর প্রকৃত কারণ সঠিকভাবে বলা যাচ্ছে না। তবে, ঘটনাটি আত্মহত্যা নাকি হত্যা তা খতিয়ে দেখা হচ্ছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’


