ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে দেশের রাজনীতিতে বড় চমক দেখা যাবে বলে জানিয়েছেন জামায়াতে ইসলামীর নায়েবে আমীর এটিএম আজহারুল ইসলাম।
তিনি বলেন, ‘নির্বাচনের এখনও অনেক বাকি। সামনে আরও বড় চমক দেখা যাবে। জনগণকে সঙ্গে নিয়ে জামায়াত এমন কিছু দেখাবে যা দেশের রাজনীতিতে নতুন মোড় আনবে।’
রোববার সকালে নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার গাড়াগ্রাম ইউনিয়নের নতুন টেপারহাটে উপজেলা জামায়াত আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে সাম্প্রতিক ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত ৯০ পরিবারের মাঝে ঢেউটিন বিতরণ করা হয়।
আগামী জাতীয় সংসদ নির্বাচন ঘিরে যখন দেশের রাজনৈতিক অঙ্গনে চলছে নতুন সমীকরণ, রাজনীতির মেরুকরণ ঘিরে যখন তীব্র হচ্ছে কৌতূহল; ঠিক তখন নতুন চমকের কথা এল জামায়াতের পক্ষ থেকে।
স্থানীয়দের দাড়িপাল্লায় ভোট দিতে অনুরোধ করে এটিএম আজহার বলেন, ‘আমরা কখনো রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পাইনি। আপনারা নৌকা দেখেছেন, ধানের শীষ দেখেছেন, জাতীয় পার্টিকেও দেখেছেন। এবার না হয় আমাদের দাড়িপাল্লাকে একবার ভোট দিন। দেশ পরিচালনার যোগ্যতা আমরা প্রমাণ করতে পারব। ভালো না পারলে আর কোনোদিন ভোট দেবেন না।’
জামায়াত বাংলাদেশে ইসলাম প্রতিষ্ঠা করতে চায় জানিয়ে তিনি বলেন, ‘ইসলাম প্রতিষ্ঠা শুধু আন্দোলনে হয় না। জনগণের ভোটে সংসদে সংখ্যাগরিষ্ঠ হতে হয়। আল্লাহ সুযোগ দিলে আমরা ইসলামের ভিত্তিতে মানুষের সুখ শান্তির জন্য কাজ করব। এতে শুধু মুসলিম নয়, অমুসলিমরাও উপকৃত হবেন, এটাই আল্লাহর বিধান।’
বাংলাদেশে প্রচুর সম্পদ থাকলেও চরিত্রবান নেতৃত্বের অভাবে হাজার কোটি টাকা পাচার হয়েছে বলে অভিযোগ করেন জামায়াতের এই নেতা।


