আগামী বুধবার থেকে নাসা মেইনল্যান্ড গার্মেন্টসের স্বাভাবিক কার্যক্রম পুনরায় শুরু হতে যাচ্ছে। সোমবার শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে নাসা গ্রুপ এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সঙ্গে এক জরুরি আলোচনা সভা শেষে এই ঘোষণা দেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী।
রোববার মেইনল্যান্ডের শ্রমিকদের তেজগাঁও সড়ক অবরোধের প্রেক্ষিতে প্রধানমন্ত্রীর নির্দেশে সমস্যা সমাধানে শ্রমমন্ত্রী এ সভা আহ্বান করেন।
প্রসঙ্গত, বিগত ঈদুল ফিতরের পর থেকে আর্থিক অসচ্ছলতার কারণে নাসা মেইনল্যান্ড গার্মেন্টস কর্তৃপক্ষ তাদের কার্যক্রম বন্ধ রেখেছিল।
সভায় শ্রমমন্ত্রী আরিফুল হক চৌধুরী কর্মসংস্থানের স্বার্থে নিরবিচ্ছিন্নভাবে কারখানা চালু রাখার উপর গুরুত্বারোপ করেন। আইনগত বিধিবাধনের আলোকে মন্ত্রণালয় থেকে সব ধরনের সহযোগিতা প্রদানের পাশাপাশি উৎপাদনে গতি ফেরাতে শ্রমিকদের প্রয়োজনে প্রতিদিন অতিরিক্ত এক ঘণ্টা কাজ করার জন্য কর্তৃপক্ষকে সহযোগিতা করার আহ্বান জানান।
তিনি নাসা গ্রুপ কর্তৃপক্ষকে কোনো শ্রমিক বা কর্মচারীকে হয়রানি না করার পরামর্শ দেন।
সভায় প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন বলেন, পদস্থ ব্যক্তির অনুপস্থিতি বা আইনি সমস্যার অজুহাতে কোনো কারখানা বন্ধ করা যাবে না। শ্রমিকদের স্বার্থ সুরক্ষায় সময়োপযোগী পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান তিনি।
এ ছাড়া, নাসা গ্রুপের ভাইস চেয়ারম্যান রঞ্জন চৌধুরী প্রতিষ্ঠানটির আর্থিক এবং ব্যাংক লেনদেন সংক্রান্ত জটিলতাগুলো তুলে ধরেন এবং এগুলো নিরসনে মন্ত্রণালয়ের সহযোগিতা চান।
এ সভায় আরও উপস্থিত ছিলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী মো. নুরুল হক, অ্যাটর্নি জেনারেল মো. রুহুল কুদ্দুস, শ্রম সচিব মো. আব্দুর রহমান তরফদারসহ স্বরাষ্ট্র, আইন ও অর্থ মন্ত্রণালয় এবং বিজিএমইএ প্রতিনিধিবর্গ।


