দেশের নারী ক্রিকেটারদের নিয়ে প্রথমবারের মতো আয়োজিত হতে যাচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ। ইতোমধ্যে ঘোষিত হয়ে গেছে টুর্নামেন্ট শুরুর সময় সূচি ও ভেন্যু। আগামী ৪ এপ্রিল শুরু চট্টগ্রামের শহীদ বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামে হবে উদ্বোধনী ম্যাচ। ১৪ এপ্রিল পহেলা বৈশাখে মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ফাইনাল। এর আগে থাকবে সমাপনী অনুষ্ঠান।
বুধবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নারী উইংয়ের চেয়ারপার্সন রুবাবা দৌলা নারী বিপিএল গভর্নিং কাউন্সিলের বৈঠক শেষে নিশ্চিত করেছেন, তিন দলের অংশগ্রহণের কথা।
মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে রুবাবাব বলেন, ‘আমরা আগেই ঘোষণা করেছিলাম যে ৩ এপ্রিল থেকে ১৫ এপ্রিলের মধ্যে বিপিএল হবে। তো এখন পর্যন্ত আমরা যেটা নির্ধারণ করেছি, ৪ এপ্রিলে আমাদের ম্যাচ শুরু হবে। এবং সেটা আমরা চট্টগ্রামে করব, তারপরে আমরা ক্লোজিং করব ঢাকাতে এবং সেটা হবে ১৪ এপ্রিল। আপনারা জানেন যে নববর্ষ সেদিন আমাদের, তো সেদিন আমরা ক্লোজিং সেরেমানি করব।’
তিন দল নিয়ে নারী বিপিএল করার পরিকল্পনা বিসিবির। সব মিলিয়ে হবে ৭ ম্যাচের টুর্নামেন্ট। যদিও এখনো চূড়ান্ত হয়নি কোনো দলই। তবে ভালো ফ্র্যাঞ্চাইজি মালিক পাওয়ার আশা করছেন রুবাবা, যেহেতু বিদেশি ক্রিকেটার খেলার সম্ভাবনাও আছে আসন্ন এই টুর্নামেন্টে। দল গোছানো হবে ড্রাফটের মাধ্যমে। ইতোমধ্যে ড্রাফটের ক্যাটাগরিও ভাগ করে দেয়া হয়েছে, যদিও আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।
রুবাবা বলেন, ‘তিনটা ফ্র্যাঞ্চাইজির জন্য আমরা বলেছি। সব মিলিয়ে আমাদের ছয়টা গ্রুপ ম্যাচ ও একটা ফাইনাল হবে। তো আশা রাখছি যে আমরা ভালো কিছু টিম ওনার্স পাবো সামনে।’
ড্রাফটে থাকবেন তিনজন আইকন ক্রিকেটার, সর্বোচ্চ ১০ লাখ টাকা পারিশ্রমিকের জন্য শোনা যাচ্ছে নিগার সুলতানা জ্যোতি, নাহিদা আক্তার ও সোবহানা মোস্তারির নাম। ‘এ’ ক্যাটাগরিতে পারিশ্রমিক ৭ লাখ, ‘বি’-তে ৫ লাখ, ‘সি’-তে ৩ লাখ, ডি’-তে দেড় লাখ টাকা।
ড্রাফটে থাকবেন বিদেশি নারী ক্রিকেটাররাও। এক দলে কমপক্ষে দুইজন এবং সর্বোচ্চ তিন থেকে চারজন বিদেশি খেলার সুযোগ দেবে বিসিব। তাদের সম্ভাব্য পারিশ্রমিক, ‘এ’ ক্যাটাগরিতে ৮ হাজার মার্কিন ডলার, ৬ হাজার ডলার থাকছে ‘বি’ ক্যাটাগরিতে ও ‘সি’ ক্যাটাগরিতে থাকছে ৩ হাজার ডলার।
ড্রাফট নিয়ে নারী উইংয়ের প্রধান আরো বলেন, ‘ড্রাফটের জন্য আমরা আলাদা একটা ইভেন্ট করব। আশা রাখছি যে এখানে কিছু ইন্টারন্যাশনাল প্লেয়ারসও আসবে, তাদেরকেও আমরা একটা অপরচুনিটি দিচ্ছি, মিনিমাম দুইজন আমরা বলেছি এবং ম্যাক্সিমাম হয়তো তিন থেকে চার, আমরা ফাইনাল করব এই ব্যাপারগুলো।


