নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের মেঘনা নদীতে গোসলে নেমে তিন শিক্ষার্থী নিখোঁজের দেড় ঘণ্টা পর দুইজনের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।
রোববার দুপুর ১টার দিকে মেঘনা নদীর ভাটি বন্দর এলাকায় তারা নিখোঁজ হন। স্থানীয় সূত্রে জানা গেছে, নিখোঁজরা সবাই মোগরাপাড়া এইচ.জি.জি.এস. স্মৃতি সরকারি বিদ্যালয়ের শিক্ষার্থী।
নিখোঁজরা হলেন মোগরাপাড়া ইউনিয়নের বাড়ি মজলিস এলাকার মো. ফারুকের দুই জমজ ছেলে আরিফিন (১৫) ও আশিকিন (১৫) এবং একই এলাকার আব্দুল আলিনের ছেলে আবির (১৪)। এর মধ্যে জমজ দুই ভাই নবম শ্রেণিতে এবং আবির অষ্টম শ্রেণিতে পড়াশোনা করেন।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, স্কুলে যাওয়ার কথা বলে বাসা থেকে বের হলেও স্কুল না গিয়ে চার বন্ধু একত্রিত হয়ে গোসলের উদ্দেশ্যে মেঘনা নদীতে নামেন। নদীতে নামার অল্প কিছুক্ষণের মধ্যে একজন পানি থেকে উঠে এলেও বাকিরা তলিয়ে যান।
নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপপরিচালক আব্দুল্লাহ আল আরেফিন জানান, শিক্ষার্থীদের উদ্ধারে ঢাকা থেকে ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছেছে। তিনি বলেন, ‘ইতোমধ্যে আমাদের তিনজন ডুবুরি ঘটনাস্থলে রয়েছে। উদ্ধার কার্যক্রম চলমান রয়েছে।’


