নড়াইলে দুই দফায় ধানের শীষ ও কলস প্রতীকের সমর্থকদের সংঘর্ষে অন্তত ছয়জন আহত হয়েছেন। সদর উপজেলার হবখালীর বাগডাঙ্গা বাজারে সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে।
কলস প্রতীকে নির্বাচন করা বিএনপি থেকে বহিষ্কৃত স্বতন্ত্র প্রার্থী মনিরুল ইসলামের পক্ষের আহতরা হলেন- হবখালী বিএনপির ওয়ার্ড সভাপতি সৈয়দ আতিয়ার রহমান, সৈয়দ মাহিন আলী, সৈয়দ রেন্টু আলী, সৈয়দ খেজির আলী ও সৈয়দ আইয়ুব আলী।
অন্যদিকে ধানের শীষের ফরিদুজ্জামান ফরহাদের সমর্থক আশরাফুল শেখ আহত হয়েছেন।
স্থানীয়রা জানান, মাগরিবের নামাজের পর দুই পক্ষের সমর্থকদের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। একপর্যায়ে কলস প্রতীকের সমর্থকরা ধানের শীষের সমর্থক আশরাফুল শেখকে কুপিয়ে ও পিটিয়ে জখম করে। এশার নামাজের পর আবারও দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। এ সময় ধানের শীষের সমর্থকরা কলস প্রতীকের সমর্থকদের ওপর হামলা চালায়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের সবাই নড়াইল সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
এ বিষয়ে নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওলি মিয়া বলেন, ‘ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে। এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’


