রাজধানীর আলোচিত সেই সাত কলেজ নিয়ে ‘ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়’ নামে একটি স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার জন্য চূড়ান্তভাবে নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার। এই লক্ষ্য বাস্তবায়নের জন্য ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অধ্যাদেশ ২০২৫’ এর খসড়া প্রণয়ন করে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগে পাঠিয়েছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)।
মঙ্গলবার শিক্ষা মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
মন্ত্রণালয় জানায়, মানসম্মত শিক্ষা নিশ্চিতকরণ, সময় মতো পরীক্ষা গ্রহণ ও সময়মতো ফল প্রকাশ করা-এই তিনটি বিষয়ে সরকারি সাত কলেজের শিক্ষার্থীদের যৌক্তিক চাহিদাকে সামনে রেখে এই উদ্যোগ নেওয়া হয়েছে।
সেই সাতটি কলেজ হলো-ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, সরকারি তিতুমীর কলেজ, মিরপুর সরকারি বাঙলা কলেজ, বেগম বদরুন্নেসা মহিলা কলেজ, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ ও কবি নজরুল সরকারি কলেজ।
সাত কলেজের শিক্ষক-কর্মকর্তাদের পদ সংরক্ষণ, কলেজগুলোর স্বাতন্ত্র্য, সম্পদ ব্যবস্থাপনা এবং উচ্চমাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের জন্য অন্তর্বর্তী ব্যবস্থা ও সংশ্লিষ্ট অন্যান্য বিষয় সমন্বয়ের জটিলতা বিবেচনায় বস্তুনিষ্ঠভাবে এবং বিধিবদ্ধ পদ্ধতি অনুসরণ করে অধ্যাদেশের খসড়া চূড়ান্ত করা হবে।
খসড়া চূড়ান্তের প্রক্রিয়া সময়সাপেক্ষ হলেও এর মাধ্যমে সর্বমহলে গ্রহণযোগ্য ও সমন্বিত সিদ্ধান্তে পৌঁছানো সম্ভব হবে বলে মনে করে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ।
এ বিষয়ে শিক্ষার্থী, শিক্ষক এবং বিভিন্ন স্টেকহোল্ডারের কাছ থেকে অনলাইনে পাঁচ হাজারেরও বেশি মতামত পাওয়া সংগ্রহ করেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ। এ ছাড়া বিভিন্ন অংশীজনের সঙ্গে তিনটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। অনলাইন থেকে পাওয়া মতামত এবং মতবিনিময় থেকে পাওয়া মতামত পর্যালোচনা করে খসড়াটি পুনর্মূল্যায়ন ও পরিমার্জনের কাজ চলছে।
প্রস্তাবিত বিশ্ববিদ্যালয় স্থাপনের পূর্ব পর্যন্ত শিক্ষা ও প্রশাসনিক কার্যাবলি পরিচালনার জন্য ইতোমধ্যে একজন অন্তর্বর্তী প্রশাসক নিয়োগ দেয়া হয়েছে।
২০২৪-২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের ভর্তি কার্যক্রম সম্পন্ন করে আগামী ২৩ নভেম্বর ২০২৫ থেকে ক্লাস শুরুর তারিখ নির্ধারণ করা হয়েছে।


