দেশে তিন হোটেল অবকাঠামোতে বিনিয়োগ করবে ওয়ার্ল্ডহোটেলস

দেশে তিন হোটেল অবকাঠামোতে বিনিয়োগ করবে ওয়ার্ল্ডহোটেলস
ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

কক্সবাজার, সিলেট ও খুলনায় আন্তর্জাতিক মানের হোটেল অবকাঠামো গড়ে তুলতে বিনিয়োগের পরিকল্পনা করেছে যুক্তরাষ্ট্রভিত্তিক হোটেল পরিচালনাকারী প্রতিষ্ঠান ওয়ার্ল্ডহোটেলস। পাশাপাশি বাংলাদেশের আতিথেয়তা খাতে বেসরকারি বিনিয়োগ বাড়ানোর উদ্যোগ নিয়েছে প্রতিষ্ঠানটি।

বিএইচডব্লিউ হোটেলসের অংশ ওয়ার্ল্ডহোটেলস জানিয়েছে, বাংলাদেশে বর্তমানে তাদের তিনটি হোটেল রয়েছে। এগুলো হলো ঢাকার বেস্ট ওয়েস্টার্ন প্লাস ম্যাপল লিফ ও বেস্ট ওয়েস্টার্ন প্লাস রানওয়ে এবং কক্সবাজারের বেস্ট ওয়েস্টার্ন হেরিটেজ। এ ছাড়া কক্সবাজার ও চট্টগ্রামে আরও চারটি হোটেল প্রতিষ্ঠার পরিকল্পনা রয়েছে।

দেশীয় পর্যটনের চাহিদা বৃদ্ধি ও পর্যটন অবকাঠামো উন্নয়নের উদ্যোগের মধ্যে প্রতিষ্ঠানটির এ ঘোষণা এসেছে। ২০২৫ সালের ডিসেম্বরের ছুটির মৌসুমে দেশের বিভিন্ন পর্যটনকেন্দ্রের হোটেল ও রিসোর্টে ৬০ থেকে ৮০ শতাংশ কক্ষ ব্যবহৃত হয়েছিল।

দক্ষিণ এশিয়ায় ওয়ার্ল্ডহোটেলসের চেয়ারম্যান রঞ্জন ভট্টাচার্য বলেন, একটি ব্র্যান্ডের ভিত্তি তৈরি হয় আস্থা ও ঐতিহ্যের ওপর। সময়ের সঙ্গে পরিবর্তনের মাধ্যমে সেই অবস্থান ধরে রাখতে হয়। ওয়ার্ল্ডহোটেলসের অধীনে এ রূপান্তর বেস্ট ওয়েস্টার্নের প্রতিষ্ঠিত ভিত্তিকে কাজে লাগিয়ে হোটেল অংশীদার ও অতিথিদের জন্য নতুন সুযোগ তৈরি করবে।

তিনি বলেন, বাংলাদেশের আতিথেয়তা খাতের বিকাশের সম্ভাবনা বিবেচনায় প্রতিষ্ঠানটি এ বাজার নিয়ে আশাবাদী। আন্তর্জাতিক মান, বিস্তৃত বাজারসংযোগ ও স্বতন্ত্র আতিথেয়তার অভিজ্ঞতা দেওয়ার পাশাপাশি বাংলাদেশের হোটেলগুলোর নিজস্ব পরিচয় ও স্থানীয় বৈশিষ্ট্য অক্ষুণ্ণ রাখবে তারা।

দক্ষিণ এশিয়ায় ওয়ার্ল্ডহোটেলসের প্রধান পরিচালন কর্মকর্তা অতুল জৈন বলেন, বাংলাদেশে ব্যবসায়িক ভ্রমণ ও অবকাশযাপন, দুই ক্ষেত্রেই আতিথেয়তা খাত সম্প্রসারণের সুযোগ রয়েছে। বর্তমানে যেসব বাজারে প্রতিষ্ঠানটি কাজ করছে, সেগুলোতেও আরও বিকাশের সম্ভাবনা দেখছে তারা।

তিনি আরও বলেন, ওয়ার্ল্ডহোটেলসের নেটওয়ার্কে যুক্ত হলে হোটেল অংশীদারেরা আন্তর্জাতিক গ্রাহকদের কাছে পৌঁছানোর পাশাপাশি বৃহত্তর বিতরণ নেটওয়ার্কের সুবিধা পাবেন। একই সঙ্গে নিজ নিজ বাজারের ভ্রমণকারীদের সেবা দেওয়ার সুযোগও থাকবে।

আরও পড়ুন

বিএইচডব্লিউ হোটেলস তাদের ১০০টি দেশের ৪ হাজারের বেশি হোটেলকে ওয়ার্ল্ডহোটেলস ব্র্যান্ডের আওতায় আনার উদ্যোগ নিয়েছে। এর মাধ্যমে প্রতিষ্ঠানটির ১৮টি ব্র্যান্ড, লয়্যালটি প্রোগ্রাম ও ডিজিটাল প্ল্যাটফর্মকে একটি সমন্বিত পরিচয়ের আওতায় আনা হবে।

বেস্ট ওয়েস্টার্ন ব্র্যান্ডের সঙ্গে যুক্ত বিএইচডব্লিউ হোটেলসের এ উদ্যোগের লক্ষ্য আন্তর্জাতিক বাজারে ব্র্যান্ড পরিচিতি বাড়ানো এবং ভ্রমণকারীদের জন্য হোটেল খোঁজা ও বুকিং সহজ করা। বিলাসবহুল, বুটিক, আপস্কেল, দীর্ঘমেয়াদি আবাসন ও ইকোনমি হোটেল এ কার্যক্রমের আওতায় থাকবে।

তবে বিদ্যমান হোটেলগুলোর নাম ও নিজস্ব পরিচয় অপরিবর্তিত থাকবে। ফলে স্বতন্ত্র মালিকানাধীন হোটেলগুলো নিজেদের বৈশিষ্ট্য বজায় রেখেই প্রতিষ্ঠানটির আন্তর্জাতিক নেটওয়ার্কের সুবিধা পাবে।

ওয়ার্ল্ডহোটেলসের প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী কর্মকর্তা ল্যারি কুকুলিক বলেন, প্রতিষ্ঠানটির আওতায় বিভিন্ন ধরনের ভ্রমণের উপযোগী হোটেল থাকলেও অনেক ভ্রমণকারী এ সম্পর্কে জানেন না। নতুন ব্র্যান্ড পরিচয়ের মাধ্যমে গ্রাহকেরা প্রতিষ্ঠানটির সেবা সম্পর্কে স্পষ্ট ধারণা পাবেন। পাশাপাশি স্বতন্ত্র হোটেল মালিকেরাও আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতার সুযোগ পাবেন।

এ রূপান্তরের অংশ হিসেবে ২০২৭ সালের ৫ জানুয়ারি চালু হবে ওয়ার্ল্ডহোটেলস রিওয়ার্ডস। এর মাধ্যমে বিশ্বজুড়ে প্রায় সাত কোটি সদস্যের বিদ্যমান লয়্যালটি প্রোগ্রামগুলোকে একটি কর্মসূচির আওতায় আনা হবে।

তিন স্তরের এ কর্মসূচিতে সদস্যদের জন্য বিশেষ রুম ভাড়া, স্ট্যাটাস ম্যাচিং ও মেয়াদোত্তীর্ণ না হওয়া পয়েন্টের সুবিধা থাকবে।

নতুনভাবে সাজানো ওয়েবসাইট ও মোবাইল অ্যাপে হোটেল বুকিং, পুরস্কার ও পয়েন্ট ব্যবস্থাপনা এবং স্থানীয় পর্যটন গন্তব্যের তথ্য একীভূত করা হবে। বিশ্বের বিভিন্ন হোটেলের কর্মীদের কাছ থেকে পাওয়া ১০ হাজার ঘণ্টার বেশি অভিজ্ঞতা ও তথ্য এ ডিজিটাল সেবা তৈরিতে কাজে লাগানো হবে।

প্রতিষ্ঠানটির বিলাসবহুল ও আপস্কেল স্বতন্ত্র হোটেলগুলোকে ওয়ার্ল্ডহোটেলস কালেকশনের আওতায় আনা হবে। ছয়টি ব্র্যান্ড নিয়ে গঠিত এ কালেকশনে হোটেলগুলোর নিজস্ব পরিচয় বজায় থাকবে। পাশাপাশি সমন্বিত আন্তর্জাতিক নেটওয়ার্কের মাধ্যমে বিপণন ও সেবা কার্যক্রম পরিচালনা করা হবে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad