রোদ-বৃষ্টি থেকে দর্শকদের সুরক্ষা দিতে চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামের গ্যালারিতে শেড (ছাউনি) নির্মাণের পরিকল্পনার কথা জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বোর্ডের ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনার অংশ হিসেবে এই উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন বিসিবির পরিচালক ও ফাইন্যান্স কমিটির চেয়ারম্যান ইসরাফিল খসরু।
শুক্রবার বিকালে চট্টগ্রামে অস্ট্রলিয়ার বিপক্ষে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচ চলাকালে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান। এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন বিসিবির পরিচালক ফাহিম সিনহা ও সাকেফ আহমেদ সালাম।
ইসরাফিল খসরু বলেন, দর্শকরা গ্যালারিতে রোদ ও বৃষ্টির মধ্যে দীর্ঘ সময় বসে খেলা উপভোগ করেন, ফলে তাদের ভোগান্তি অনেক বেশি হয়। বিসিবি দর্শকদের ক্রিকেটের অন্যতম প্রধান অংশীজন হিসেবে বিবেচনা করে। তাই তাদের সুবিধা নিশ্চিত করতে স্টেডিয়ামের গ্যালারিতে শেড নির্মাণের উদ্যোগ নেওয়া হচ্ছে।
তিনি জানান, শুধু শেড নির্মাণই নয়, স্টেডিয়ামের সামগ্রিক সংস্কার কার্যক্রমও হাতে নেওয়া হয়েছে। মাঠের কিছু বিদ্যমান সমস্যার ইতোমধ্যে সমাধান করা হয়েছে এবং দ্রুতই ড্রেসিংরুম আধুনিকায়নের কাজ শুরু হবে।
জাতীয় দলের স্পিনার নাঈম হাসান-এর সঙ্গে সম্প্রতি ঘটে যাওয়া ঘটনাকে ‘দুঃখজনক’ হিসেবে উল্লেখ করে ইসরাফিল খসরু বলেন, এটি জাতীয় ক্রিকেটের সঙ্গে সম্পৃক্ত একটি সংবেদনশীল বিষয়। যেহেতু ঘটনাটি তদন্তাধীন, তাই তদন্ত শেষ না হওয়া পর্যন্ত বিস্তারিত কিছু বলা সম্ভব নয়। তবে বিসিবি পুরো বিষয়টি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে।
তিনি বলেন, বিসিবি একটি পরিবারের মতো। খেলোয়াড় ও সংশ্লিষ্টদের নিরাপত্তা নিশ্চিত করা বোর্ডের দায়িত্ব। যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে খেলোয়াড়দের পাশে দাঁড়ানো এবং প্রয়োজনীয় সহযোগিতা প্রদান করা হবে।
বিসিবির কর্মকর্তা-কর্মচারীদের বেতন বৃদ্ধির বিষয়ে তিনি বলেন, বোর্ডে কর্মরত সবার প্রাপ্য সুবিধা নিশ্চিত করা তাদের দায়িত্ব। কর্মচারীদের পাওনা অনেক আগেই বাড়ানো হয়েছে এবং এটি তাদের ন্যায্য অধিকার।
বিসিবির অলস পড়ে থাকা অর্থ (এফডিআর) প্রসঙ্গে ইসরাফিল খসরু বলেন, শুধু টাকা জমা করে রাখাই উদ্দেশ্য নয়; বরং ক্রিকেটের উন্নয়নে সেই অর্থ বিনিয়োগ করাই এখন বোর্ডের লক্ষ্য। তার মতে, বাংলাদেশ ক্রিকেটকে এগিয়ে নিতে খেলোয়াড়দের ওপর বিনিয়োগ বাড়াতে হবে এবং উন্নত সুযোগ-সুবিধা নিশ্চিত করতে হবে।
তিনি বলেন, আরেকটা জিনিস হলো খেলা মাঠে গড়াতে হবে, নিয়মিত খেলাধুলা হতে হবে। খালি ঢাকা নয়, জেলা লেভেলেও খেলাধুলাকে আমাদের মোবিলাইজ (সংগঠিত) করতে হবে। বোর্ড বর্তমানে এই পরিকল্পনাগুলো নিয়েই কাজ করছে এবং সময়ের সঙ্গে সঙ্গে এর ফলাফল দৃশ্যমান হবে।
এদিকে মাঠে সাকিব আল হাসানের নামে ব্যানার নিয়ে আসা দর্শকদের পুলিশি হয়রানির বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে ইসরাফিল খসরু বলেন, সমর্থকদের আবেগের বহিঃপ্রকাশ থাকতেই পারে। তবে দর্শকদের জন্য সুন্দর ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করাই বিসিবির অন্যতম অগ্রাধিকার।
এ ঘটনায় জাতীয় ক্রিকেট সংশ্লিষ্ট একটি অনাকাঙ্ক্ষিত ঘটনার প্রেক্ষিতে একজন কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে বলেও জানান তিনি। বিষয়টি বর্তমানে তদন্তাধীন রয়েছে।
বিপিএলের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বিসিবির পরিচালক ফাহিম সিনহা বলেন, সম্প্রতি বিপিএল আয়োজন নিয়ে সংবাদ সম্মেলন হয়েছে। টুর্নামেন্টটি যাতে নিয়মিতভাবে অনুষ্ঠিত হয় এবং কোনো বছর বিরতি না পড়ে, সে বিষয়ে বোর্ড গুরুত্ব দিচ্ছে।
বিসিবি কর্মকর্তারা আশা প্রকাশ করেছেন, চলমান এসব সংস্কার ও উন্নয়ন পরিকল্পনার ইতিবাচক প্রভাব শিগগিরই দেশের ক্রিকেটে দৃশ্যমান হবে।


