মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান জানিয়েছেন, জুলাই গণঅভ্যুত্থানে আহত যোদ্ধাদের চিকিৎসা, পুনর্বাসন, কর্মসংস্থান ও মাসিক সম্মানী ভাতার বিষয়ে সরকারের দীর্ঘমেয়াদী পরিকল্পনা রয়েছে।
বৃহস্পতিবার সংসদে সংসদ সদস্য রোকেয়া বেগমের টেবিলে উপস্থাপিত লিখিত প্রশ্নের জবাবে এ তথ্য জানান তিনি।
মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী জানান, জুলাই গণঅভ্যুত্থানে আহত জুলাইযোদ্ধাদের সরকারি হাসপাতালে বিনামূল্যে চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে। গুরুতর আহত জুলাইযোদ্ধাদের মেডিকেল বোর্ডের সুপারিশ ও স্বাস্থ্য সেবা বিভাগের প্রস্তাব অনুযায়ী উন্নত চিকিৎসার জন্য মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের মাধ্যমে বিদেশে পাঠানোর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। সংশ্লিষ্ট দেশের মিশনসমূহ চিকিৎসা কার্যক্রম তদারকি করছে।
তিনি জানান, এ পর্যন্ত গুরুতর আহত ১৫২ জন জুলাইযোদ্ধাকে উন্নত চিকিৎসার জন্য থাইল্যান্ড সিঙ্গাপুর, তুরস্ক, রাশিয়ায় পাঠানো হয়েছে। এরমধ্যে ১০২ জন চিকিৎসা শেষে বাংলাদেশে ফেরত এসেছেন। বর্তমানে ৫০ জন জুলাইযোদ্ধা বিদেশে চিকিৎসাধীন রয়েছেন।
মন্ত্রী বলেন, জুলাই শহীদ পরিবার ও জুলাইযোদ্ধাদের কল্যাণ ও পুনর্বাসনের জন্য আগ্রহী ৩ হাজার ২৪১ জনের ডাটাবেজ তৈরি করা হয়েছে। এর মধ্যে প্রশিক্ষণ ও পুনর্বাসনের জন্য ১ হাজার ৯৩৭ জনের তালিকা যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।
তিনি জানান, জুলাইযোদ্ধা হিসেবে গেজেটভুক্ত মোট ১৪ হাজার ৩৬৯ জনের মধ্যে ১৩ হাজার ৩৪৪ জন জুলাইযোদ্ধাকে তাদের নিজস্ব ব্যাংক অ্যাকাউন্টে শ্রেণিভিত্তিক মাসিক সম্মানী ভাতা (ক-শ্রেণি প্রতিজন ২০,০০০ টাকা, খ-শ্রেণি প্রতিজন ১৫,০০০ টাকা, গ-শ্রেণি প্রতিজন ১০,০০০ টাকা হারে) দেওয়া হচ্ছে। বাকি জুলাইযোদ্ধাদের ভাতা কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।


