তরুণদের উচ্চ রক্তচাপের ঝুঁকি কমাতে কার্যকর পদক্ষেপ দাবি

তরুণদের উচ্চ রক্তচাপের ঝুঁকি কমাতে কার্যকর পদক্ষেপ দাবি
Advertisement
Advertisement

বাংলাদেশে তরুণদের মধ্যে উচ্চ রক্তচাপসহ নানা অসংক্রামক ব্যাধিতে আক্রান্ত হওয়ার প্রবণতা আশঙ্কাজনকভাবে বাড়ছে। এই স্বাস্থ্য সংকট মোকাবিলায় অবিলম্বে কার্যকর কর্মসূচি গ্রহণ এবং টেকসই অর্থায়ন নিশ্চিত করা জরুরি বলে মনে করছেন বিশেজ্ঞরা।

আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষ্যে মঙ্গলবার গবেষণা ও অ্যাডভোকেসি প্রতিষ্ঠান ‘প্রজ্ঞা’ (প্রগতির জন্য জ্ঞান) আয়োজিত এক ওয়েবিনারে বক্তারা এসব কথা বলেন। গ্লোবাল হেলথ অ্যাডভোকেসি ইনকিউবেটরের (জিএইচএআই) সহায়তায় প্রজ্ঞার সাথে অনুষ্ঠানটি যৌথভাবে আয়োজন করে বাংলাদেশ মেডিকেল স্টুডেন্টস’ সোসাইটি, প্ল্যাটফর্ম ডক্টরস ফাউন্ডেশন, ইটস হিউম্যানিটি ফাউন্ডেশন ও গিভ বাংলাদেশ।

ওয়েবিনারে উপস্থাপিত তথ্যে জানানো হয়, দেশে মোট মৃত্যুর ৭১ শতাংশের জন্যই দায়ী উচ্চ রক্তচাপসহ বিভিন্ন অসংক্রামক রোগ, যার ১৯ শতাংশই অকালমৃত্যু। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) ‘হেলথ অ্যান্ড মরবিডিটি স্ট্যাটাস সার্ভে-২০২৫’ অনুযায়ী, দেশের শীর্ষ ১০টি রোগের তালিকায় প্রথম স্থানে রয়েছে উচ্চ রক্তচাপ। এছাড়া ‘বাংলাদেশ এনসিডি স্টেপস সার্ভে, ২০১৮’-এর তথ্য বলছে, ১৮ থেকে ৩৯ বছর বয়সী তরুণদের প্রায় ১২ শতাংশই উচ্চ রক্তচাপে ভুগছেন। এখনই উদ্যোগ না নিলে এই সংকট ভবিষ্যতে আরও ভয়াবহ রূপ নেবে।

ওয়েবিনারে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হসপিটাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটের ইপিডেমিওলজি অ্যান্ড রিসার্চ বিভাগের প্রধান অধ্যাপক ডা. সোহেল রেজা চৌধুরী বলেন, “অকালমৃত্যু কমাতে তৃণমূল পর্যায়ের স্বাস্থ্যসেবা কেন্দ্রে নিয়মিত ওষুধ সরবরাহ নিশ্চিত করতে হবে। সুস্থ তরুণ প্রজন্ম গড়ে তুলতে স্বাস্থ্য খাতে টেকসই অর্থায়নই হতে পারে সবচেয়ে লাভজনক বিনিয়োগ।”

আরও পড়ুন

ব্র্যাক জেমস পি গ্রান্টস স্কুল অব পাবলিক হেলথের অধ্যাপক ডা. মলয় কান্তি মৃধা বলেন, গবেষণাভিত্তিক প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণের মাধ্যমে উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে আনা সম্ভব।

জিএইচএআই-এর বাংলাদেশ কান্ট্রি লিড মুহাম্মাদ রূহুল কুদ্দুস বর্ধিত স্বাস্থ্য বাজেটের একটি বড় অংশ অসংক্রামক রোগ মোকাবিলায় বরাদ্দের দাবি জানান। অন্যদিকে, বাংলাদেশ হেলথ রিপোর্টার্স ফোরামের সহ-সভাপতি মোহাম্মদ আল আমিন বলেন, সরকার যাতে অসংক্রামক রোগ নিয়ন্ত্রণকে অগ্রাধিকার দেয়, সে বিষয়ে গণমাধ্যম সক্রিয় ভূমিকা রাখতে পারে।

প্রজ্ঞার নির্বাহী পরিচালক এবিএম জুবায়েরের সভাপতিত্বে প্রোগ্রাম অফিসার সামিহা বিনতে কামালের সঞ্চালনায় এতে আরও বক্তব্য দেন ভাইটাল স্ট্র্যাটেজিসের কনসালটেন্ট আমিনুল ইসলাম সুজন। দেশের বিভিন্ন প্রান্ত থেকে তরুণ সংগঠকসহ নানা শ্রেণি-পেশার মানুষ এই ওয়েবিনারে অংশ নেন।

উল্লেখ্য, ১২ আগস্ট বুধবার “ডিফারেন্ট কনটেক্সট, কমন অ্যাসপিরেশন” প্রতিপাদ্য নিয়ে আন্তর্জাতিক যুব দিবস উদযাপিত হবে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad