ঢাকার মহাখালীতে কার্যক্রম নিষিদ্ধ উত্তর আওয়ামী লীগের একটি ঝটিকা মিছিল থেকে চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারের সময় ককটেল বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক সৃষ্টি করে কয়েকজন পালিয়ে যায়।
মঙ্গলবার দুপুর দেড়টার দিকে মহাখালী জনস্বাস্থ্য ইনস্টিটিউট সংলগ্ন মুক্তিযোদ্ধা গলি ও সিএম পাম্পের সামনে এ ঘটনা ঘটে।
গ্রেপ্তারকৃতরা হলেন— আসলাম মিয়া (২৫), আশিকুল ইসলাম (২৪), মাহফুজুর রহমান সিয়াম (১৯) ও মো. মনির হোসেন (৪৮)।
বিষয়টি টাইমস অব বাংলাদেশকে নিশ্চিত করেছেন বনানী থানার পরিদর্শক (তদন্ত) মেহেদী হাসান। তিনি জানান, মঙ্গলবার বেলা দেড়টার দিকে ২০ থেকে ২৫ জন আওয়ামী লীগের নেতাকর্মী মহাখালী এলাকায় জড়ো হয়ে একটি ঝটিকা মিছিল করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে স্থানীয় জনগণের সহায়তায় চারজনকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারের সময় নাশকতার উদ্দেশ্যে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক সৃষ্টি করে কয়েকজন পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে বিস্ফোরিত ককটেলের আলামতও জব্দ করা হয়েছে।
মেহেদী হাসান বলেন, ‘আমরা চারজনকে গ্রেপ্তার করেছি। প্রাথমিকভাবে ধারণা করছি ১৫ আগস্টকে ঘিরে তারা সরব হওয়ার চেষ্টা করছিল।’
পুলিশ জানায়, গ্রেপ্তার চারজনের মধ্যে একজনকে স্থানীয় জনতা মারধর করে মহাখালী টার্মিনাল পুলিশ ফাঁড়িতে হস্তান্তর করে।
পুলিশের তথ্যে, আসলাম মিয়া ও আশিকুল ইসলাম সরকারি বাংলা কলেজ শাখা ছাত্রলীগের কর্মী এবং তারা ওই কলেজের বিবিএ চতুর্থ বর্ষের শিক্ষার্থী। গ্রেপ্তার অন্য দুজনের বিরুদ্ধেও বিস্তারিত তথ্য যাচাই করা হচ্ছে।
গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আগে কোনো মামলা রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।
এ ঘটনায় বিস্ফোরিত ককটেলের আলামত জব্দ করা হয়েছে। গ্রেপ্তার চারজনের বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়ার পাশাপাশি বনানী থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।


