ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১২৫২

ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১২৫২
ছবি: টাইমস
Advertisement
Advertisement

দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ২৫২ জন নতুন রোগী।

এতে চলতি বছরে দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১১১ জনে এবং মোট আক্রান্তের সংখ্যা পৌঁছেছে ৩৯ হাজার ৫৩২ জনে।

বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে মহাখালী, ঢাকা থেকে পাঠানো নিয়মিত দৈনিক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তির ডেটা অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মারা যাওয়া চারজনের মধ্যে চট্টগ্রাম বিভাগে ১ জন, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে (ডিএনসিসি) একজন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে (ডিএসসিসি) একজন এবং খুলনা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) একজন রয়েছেন। বয়স ও লিঙ্গভিত্তিক পরিসংখ্যানে দেখা যায়, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া রোগীদের মধ্যে দুইজন পুরুষ এবং দুইজন নারী রয়েছেন।

মৃতদের মধ্যে ১১-১৫ বছর বয়সী একজন পুরুষ, ৩৬-৪০ বছর বয়সী একজন নারী, ৪৬-৫০ বছর বয়সী একজন নারী এবং ৬১-৬৫ বছর বয়সী একজন পুরুষ রয়েছেন।

আরও পড়ুন

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় নতুন ভর্তি হওয়া ১ হাজার ২৫২ জন রোগীর মধ্যে সর্বোচ্চ ২৪৭ জন খুলনা বিভাগে এবং ২২৭ জন ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) চিকিৎসা নিতে ভর্তি হয়েছেন।

এ ছাড়া ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) এলাকায় ১৯৪ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) এলাকায় ২২৭ জন, চট্টগ্রাম বিভাগে ১০৯ জন, বরিশাল বিভাগে ১৩৫ জন, রাজশাহী বিভাগে ৮৭ জন, ময়মনসিংহ বিভাগে ২৭ জন এবং রংপুর বিভাগে ৪ জন হাসপাতালে ভর্তি হন।

সিলেট বিভাগে আক্রান্তের সংখ্যা সবচেয়ে কম, যেখানে বিগত ২৪ ঘণ্টায় ৪ জন ভর্তি হয়েছেন। গত ২৪ ঘণ্টায় ভর্তি হওয়া আক্রান্তদের মধ্যে পুরুষের সংখ্যা ৭৬৪ জন (৬১ শতাংশ) এবং নারীর সংখ্যা ৪৮৮ জন (৩৯ শতাংশ)। বয়স বিবেচনায় ১৬ থেকে ৩০ বছর বয়সীদের মধ্যে আক্রান্তের হার সবচেয়ে বেশি দেখা গেছে।

চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৩ সেপ্টেম্বর পর্যন্ত সারা দেশে সর্বমোট ৩৯ হাজার ৫৩২ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। মোট আক্রান্তের মধ্যে ২৪ হাজার ৪০৬ জন পুরুষ (৬২ শতাংশ) এবং ১৪ হাজার ৯২৯ জন নারী (৩৮ শতাংশ)। এ পর্যন্ত মৃত্যুবরণ করা ১১১ জনের মধ্যে পুরুষ ৫০ জন (৪৫ শতাংশ) এবং নারী ৬১ জন (৫৫ শতাংশ)। এর মধ্যে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) এলাকায় সর্বোচ্চ ৩৭ জনের মৃত্যু নথিভুক্ত করা হয়েছে।

পরিসংখ্যান মতে, আক্রান্তদের মধ্যে এ পর্যন্ত মোট ৩৬ হাজার ৪৬৭ জন রোগী সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় ছাড়পত্র পেয়েছেন ১ হাজার ৩৪ জন। বর্তমানে সারা দেশের বিভিন্ন হাসপাতালে মোট ২ হাজার ৯৫৪ জন ডেঙ্গু আক্রান্ত রোগী চিকিৎসাধীন রয়েছেন।

মাসভিত্তিক আক্রান্তের পরিসংখ্যানে দেখা যায়, গত আগস্ট মাসে সর্বোচ্চ ২০ হাজার ৫৩৬ জন রোগী হাসপাতালে ভর্তি হন। চলতি সেপ্টেম্বর মাসের প্রথম ৩ দিনেই আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৩ হাজার ৬৮৬ জনে এবং মৃত্যুর সংখ্যা পৌঁছেছে ১৪ জনে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর