ফেনী পৌরসভার নাগরিক সমস্যা সমাধান ও সেবা সহজে পৌঁছে দিতে ‘মাই ফেনী’ নামে একটি নতুন মোবাইল অ্যাপ্লিকেশন চালু করা হয়েছে।
বৃহস্পতিবার ফেনী পৌরসভা মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে অ্যাপটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
ফেনী পৌরসভার প্রশাসক ও স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মো. দিদারুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ মাহবুবউল করিম।
বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার, সদর উপজেলা নির্বাহী অফিসার সুলতানা নাসরিন কান্তা, ফেনী জেলা আইসিটি অফিসার সাইফ মো. জুলকার নাঈন চৌধুরী ও ফেনী সদর উপজেলা আইসিটি অফিসার মো. রাশেদুল আলম। এতে কারিগরি সহায়তায় সার্বিক সহযোগিতা করেন ইনোভেশন আইটির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) খুরশিদ আলম।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মোহাম্মদ মাহবুবউল করিম বলেন, ‘পৌরবাসীকে ভোগান্তিমুক্ত ও দ্রুততম সময়ে সেবা করা বর্তমান প্রশাসনের মূল লক্ষ্য। “মাই ফেনী” অ্যাপের মাধ্যমে নাগরিকেদের সমস্যা ও সেবা ডিজিটালাইজড করার এই উদ্যোগ অত্যন্ত সময়োপযোগী। নাগরিকরা যেন শুধু অভিযোগ জানিয়েই ক্ষান্ত না হন, বরং সেগুলোর দ্রুত ও গুণগত সমাধান পান–তা কঠোরভাবে নিশ্চিত করতে হবে।’
তিনি আরও বলেন, ‘প্রযুক্তি আমাদের কাজকে সহজ করেছে, তবে এর সুফল পেতে হলে সেবাদাতাদের সদিচ্ছা ও দায়িত্বশীলতা জরুরি। এই অ্যাপ ব্যবহারের মাধ্যমে সময় ও অর্থ সাশ্রয়ের পাশাপাশি পৌর সেবায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত হবে। একটি আধুনিক, দুর্নীতিমুক্ত ও স্মার্ট ফেনী গঠনে এই ডিজিটাল প্ল্যাটফর্ম বিশেষ ভূমিকা রাখবে বলে আমি বিশ্বাস করি।’
অনুষ্ঠানে পৌরসভার নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ জাকির উদ্দিন, পৌর নির্বাহী কর্মকর্তা মো. সামছুদ্দিন, মেডিকেল অফিসার কৃষ্ণ পদ সাহা, প্রশাসনিক কর্মকর্তা এস.এম. শরফত উল্যাহ চৌধুরীসহ কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় ব্যক্তি ও সাংবাদিকেরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে অ্যাপটির ব্যবহারবিধি ও ফিচার প্রদর্শন করা হয়। এই অ্যাপের মাধ্যমে ড্রেনেজ ব্যবস্থা, ময়লা নিষ্কাশন, সড়ক বাতি মেরামতসহ পৌরসভার বিভিন্ন নাগরিক সুবিধার জন্য সরাসরি আবেদন ও তা তদারকি করা যাবে।


