উল্টোপথে গাড়ি চালানোর অভিযোগে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাতের গাড়ির বিরুদ্ধে দুটি মামলা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ। দুই মামলায় মোট ৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার সকাল ৯টার দিকে ঢাকার সার্কিট হাউজ রোড এ ঘটনা ঘটে।
ট্রাফিক পুলিশ সূত্রে জানা যায়, সকাল ৯টা ৮ মিনিটের দিকে ঢাকার সার্কিট হাউজ রোড ধরে একটি পতাকাবাহী ‘রেঞ্জ রোভার’ (ঢাকা মেট্রো–ঘ-১৮-২১২৫) সচিবালয়ের দিকে উল্টো পথে যাচ্ছিল। ঠিক সেই সময়েই পাশের সড়ক দিয়ে প্রধানমন্ত্রীর গাড়িবহর সিগন্যাল মেনে সচিবালয় অভিমুখে অতিক্রম করছিল।
আইন ভঙ্গের বিষয়টি নজরে আসার সঙ্গে সঙ্গে সেখানে দায়িত্বে থাকা ট্রাফিক পুলিশ সদস্যরা গাড়িটি থামিয়ে দেন। পরে গাড়ির চালক আরিফ হোসেনকে ট্রাফিক আইন লঙ্ঘনের বিষয়টি জানানো হয়।
পুলিশ জানায়, বেপরোয়া গাড়ি চালানোর অভিযোগে পৃথক দুটি ধারায় মামলা করা হয়েছে। দুই মামলায় ৩ হাজার টাকা করে মোট ৬ হাজার টাকা জরিমানা করা হয়।
ঘটনার সময় মন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাতও গাড়িতে ছিলেন বলে জানিয়েছে ট্রাফিক পুলিশ।
ট্রাফিক পুলিশের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, ‘অতীতে যানজট এড়ানো বা দ্রুত গন্তব্যে পৌঁছানোর জন্য মন্ত্রীদের গাড়ি উল্টোপথে চলার ঘটনা বিভিন্ন সময় ঘটেছে। তবে এ ধরনের ঘটনায় মামলা হওয়ার নজির এবারই প্রথম।’


