সারা দেশে গত একদিনে এডিস মশাবাহিত রোগ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। এতে চলতি বছর এ রোগটিতে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৩৪৯ জনে।
বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, মঙ্গলবার সকাল ৮টা থেকে বুধবার সকাল ৮টা পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতলে নতুন করে ৭৮৮ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন।
অন্যদিকে, এ সময়ে ঢাকা মহানগরের বিভিন্ন হাসপাতালে সবচেয়ে বেশি ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন, ২৫২ জন।
এ ছাড়া, ঢাকা বিভাগের অন্যান্য জেলাগুলোতে ১৩০ জন, বরিশাল বিভাগে ৮৭, চট্টগ্রাম বিভাগে ১০৮, খুলনা বিভাগে ৬৬, ময়মনসিংহ বিভাগে ৫৪, রাজশাহী বিভাগে ৮৮ এবং সিলেট বিভাগে তিনজন।
চলতি বছর এখন পর্যন্ত মোট ৮৭ হাজার ৭১২ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
২০২৪ সালের জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছে ১ লাখ ১ হাজার ২১৪ জন এবং ডেঙ্গুতে মোট ৫৭৫ জনের মৃত্যু হয়।
২০২৩ সালের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট ১ হাজার ৭০৫ জনের মৃত্যু হয়, পাশাপাশি ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন মোট ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, ২০০০ সাল থেকে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ও মৃত্যুসংক্রান্ত তথ্য সংগ্রহ করা হচ্ছে। এর মধ্যে ২০২৩ সালে ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন রোগী হাসপাতালে ভর্তি হয় এবং ডেঙ্গু আক্রান্ত হয়ে ১ হাজার ৭০৫ জনের মৃত্যু হয়, যা এখন পর্যন্ত সবচেয়ে বেশি।


