টেকনাফে ‘মার্কিন নাগরিক’ শিশুকে অপহরণের চেষ্টা, গ্রেপ্তার ৩

টেকনাফে ‘মার্কিন নাগরিক’ শিশুকে অপহরণের চেষ্টা, গ্রেপ্তার ৩
Advertisement
Advertisement

কক্সবাজারের টেকনাফে অপহরণের শিকার এক ‘মার্কিন নাগরিক’ চার বছর বয়সী শিশুকে উদ্ধার করেছে র‍্যাব-১৫। এ ঘটনায় অপহরণ চেষ্টার সঙ্গে জড়িত সংঘবদ্ধ চক্রের তিন সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।

মঙ্গলবার দুপুরে টেকনাফ সদর ইউনিয়নের নতুন পল্লানপাড়া এলাকায় অভিযান চালিয়ে শিশুটিকে উদ্ধার ও অভিযুক্তদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন, শাহাব উদ্দিন (২৮), কেফায়েত উল্লাহ (২৪) ও আব্দুর রজব মিয়া (৩৫)। তারা সবাই টেকনাফ উপজেলার বাসিন্দা।

র‍্যাব জানায়, টেকনাফ থানার শাপলা চত্বর মোড়ে নিয়মিত টহলরত র‍্যাব-১৫, সিপিসি-১ টেকনাফ ক্যাম্পের সদস্যরা খবর পান যে নতুন পল্লানপাড়া এলাকায় একটি শিশুকে অপহরণের চেষ্টা চলছে। এমন সংবাদের ভিত্তিতে র‍্যাবের একটি আভিযানিক দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে।

আরও পড়ুন

এ সময় স্থানীয়রা অভিযুক্ত তিনজনকে আটক করে গণপিটুনি দেয়। পরে র‍্যাব তাদের উদ্ধার করে হেফাজতে নেন। পরে আহত অবস্থায় তাদের টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

র‍্যাব জানায়, দুপুর সাড়ে ১২টার দিকে টেকনাফ সদর ইউনিয়নের পশ্চিম গোদারবিল এলাকার বাসিন্দা মো. জুবায়েরের বাড়ির সামনের রাস্তা থেকে তার চার বছর বয়সী মার্কিন নাগরিক ভাগ্নেকে একা পেয়ে জোরপূর্বক অপহরণের চেষ্টা চালায় অভিযুক্তরা।

উদ্ধার হওয়া শিশুটিকে পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট থানায় সোপর্দ করা হয়েছে।

র‍্যাব-১৫’র সহকারী পরিচালক আ. ম. ফারুক বলেন, ‘অপরাধ ও অপরাধীদের বিরুদ্ধে র‍্যাবের অভিযান অব্যাহত রয়েছে।’

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad