কক্সবাজার শহরের পাহাড়তলী এলাকায় মোবাইল ফোনে হওয়া তর্ককে কেন্দ্র করে এবং পূর্ববিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে ছুরিকাহত হয়ে দুই যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও একজন আহত হয়েছেন। মঙ্গলবার রাত সাড়ে ১২টার দিকে কক্সবাজার পৌরসভার পাহাড়তলী ইসলামপুর এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন, চকরিয়া উপজেলার খুটাখালী ইউনিয়নের দক্ষিণ মেধাকচ্ছপিয়া এলাকার সিরাজুল ইসলামের ছেলে মোহাম্মদ হৃদয় (২৮) এবং কক্সবাজার পৌরসভার ইসলামপুর বাবুলের ঘোনা এলাকার মোহাম্মদ ইসমাইলের ছেলে মোহাম্মদ আশরাফ ওরফে আসিফ (২৮)। আহত আশরাফুল ইসলাম (২০) ইসলামপুর এলাকার মসজিদ সংলগ্ন এলাকার বাসিন্দা মোহাম্মদ হাসেমের ছেলে।
পুলিশ জানায়, সংঘর্ষে আহত তিনজনকে প্রথমে কক্সবাজার জেলা সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মোহাম্মদ হৃদয়কে মৃত ঘোষণা করেন। পরে গুরুতর আহত আশরাফ ও আশরাফুলকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়। সেখানে বুধবার সকালে চিকিৎসাধীন অবস্থায় আশরাফ ওরফে আসিফ মারা যান।
কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী বলেন, ‘কিছুদিন আগে আশরাফুল ইসলাম ও মোহাম্মদ ওসমান নামের দুই যুবকের মধ্যে মোবাইল ফোনে তর্ক-বিতর্কের ঘটনা ঘটে। ওই ঘটনার জের ধরে মঙ্গলবার মধ্যরাতে আবারও তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে উভয় পক্ষের লোকজন সেখানে জড়ো হলে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ছুরিকাঘাতে তিনজন আহত হন।’
তিনি আরও বলেন, ‘আহতদের উদ্ধার করে স্থানীয়রা কক্সবাজার জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন।পরে গুরুতর আহত দুজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আরও একজনের মৃত্যু হয়।’
ঘটনার কারণ সম্পর্কে শেখ মোহাম্মদ আলী জানান, ‘প্রাথমিকভাবে মোবাইল ফোনে কথা কাটাকাটিকে কেন্দ্র করে পূর্ববিরোধের জেরেই এ ঘটনা ঘটেছে বলে তথ্য পাওয়া গেছে। ঘটনার রহস্য উদঘাটন এবং জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে। ঘটনার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং জড়িতদের শনাক্তে তদন্ত অব্যাহত রয়েছে।


