জাতীয়তাবাদী আইসিটি ফোরামের পুনর্গঠিত কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে। রাজধানীর রাপা প্লাজা কনভেনশন হলে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন ফোরামের সভাপতি শাহ জে মিয়া।
সভায় সংগঠনের সামগ্রিক কার্যক্রম, সদস্য সংগ্রহ ও সাংগঠনিক কাঠামো শক্তিশালীকরণের পাশাপাশি দেশের তথ্যপ্রযুক্তি খাতের উন্নয়নে ফোরামের ভূমিকা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বক্তারা বলেন, বাংলাদেশের অর্থনীতি ও কর্মসংস্থানে আইসিটি খাত অত্যন্ত সম্ভাবনাময়। এই খাতকে গতিশীল করতে দক্ষ মানবসম্পদ তৈরি, প্রযুক্তিভিত্তিক উদ্যোক্তা উন্নয়ন, ফ্রিল্যান্সিং সক্ষমতা বৃদ্ধি, দেশীয় সফটওয়্যার শিল্পের বিকাশ ও সহায়ক নীতিমালা নিশ্চিত করা জরুরি।
সভাপতির বক্তব্যে প্রফেসর শাহ জে মিয়া বলেন, জাতীয়তাবাদী আইসিটি ফোরামকে পেশাদার ও কার্যকর প্ল্যাটফর্ম হিসেবে গড়ে তুলতে সবাইকে আন্তরিকভাবে কাজ করতে হবে। তথ্যপ্রযুক্তি খাতের পেশাজীবী, উদ্যোক্তা, ফ্রিল্যান্সার ও তরুণ প্রযুক্তিকর্মীদের একত্রিত করে একটি শক্তিশালী নেটওয়ার্ক গড়ে তোলাই ফোরামের মূল লক্ষ্য।
সভায় সংগঠনের সাংগঠনিক সম্পাদক ইঞ্জি. মো. জুয়েল চলমান কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরে বলেন, আইসিটি খাতের উন্নয়নে ফোরাম একটি বাস্তবভিত্তিক কর্মপরিকল্পনা গ্রহণ করতে চায়, যা সরকার, নীতিনির্ধারক ও উদ্যোক্তাদের মধ্যে সমন্বয় তৈরি করবে।
তিনি আরও জানান, দেশের আইসিটি খাত থেকে ৭ বিলিয়ন ডলার বৈদেশিক আয় অর্জনের লক্ষ্যমাত্রা বাস্তবায়নে ফোরাম সরকারের সঙ্গে গঠনমূলকভাবে কাজ করতে আগ্রহী। এ লক্ষ্যে আন্তর্জাতিক বাজারে দেশীয় আইটি সেবার ব্র্যান্ডিং, ফ্রিল্যান্সারদের সক্ষমতা বৃদ্ধি ও নীতিগত সহায়তায় ফোরাম কার্যকর ভূমিকা রাখবে।
সভায় তরুণ প্রজন্মকে প্রযুক্তিনির্ভর দক্ষতায় প্রশিক্ষিত করতে সরকারি-বেসরকারি সমন্বিত উদ্যোগ এবং জেলা ও উপজেলা পর্যায়ে আইসিটি কার্যক্রম সম্প্রসারণের ওপর গুরুত্ব দেওয়া হয়।
ফোরাম ভবিষ্যতে বিভিন্ন সেমিনার, ওয়ার্কশপ, প্রশিক্ষণ ও নীতিগত সংলাপের আয়োজন করবে এবং কেন্দ্রীয় কমিটির পাশাপাশি পর্যায়ক্রমে বিভাগীয় ও জেলা পর্যায়ে কার্যক্রম সম্প্রসারণ করবে।
বক্তারা আশা প্রকাশ করেন, জাতীয়তাবাদী আইসিটি ফোরাম দেশের প্রযুক্তি পেশাজীবীদের স্বার্থ সংরক্ষণ, তরুণদের কর্মসংস্থান সৃষ্টি ও বৈদেশিক আয় বৃদ্ধিতে ইতিবাচক ভূমিকা রাখবে। সভা শেষে সংগঠনের কার্যক্রম আরও বেগবান করার অঙ্গীকার নিয়ে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়।


