ময়মনসিংহে পানিতে ডুবে দুই বোনসহ ৪ শিশুর মৃত্যু

ময়মনসিংহে পানিতে ডুবে দুই বোনসহ ৪ শিশুর মৃত্যু
প্রতীকী ছবি
Advertisement
Advertisement

ময়মনসিংহের গৌরীপুর, ফুলপুর ও গফরগাঁও উপজেলায় পানিতে ডুবে চার শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে গৌরীপুরে ছোট বোনকে বাঁচাতে গিয়ে বড় বোনও প্রাণ হারিয়েছে।

রোববার বিভিন্ন সময়ে এসব দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, গৌরীপুর উপজেলার রামগোপালপুর ইউনিয়নের বীর পশ্চিমপাড়া গ্রামে পুকুরে ডুবে মারা গেছে রিয়ামনি (৮) ও ইলমা (৪) নামে দুই বোন। তারা ওই গ্রামের সুলতান মিয়ার মেয়ে। রিয়ামনি স্থানীয় বীর পশ্চিমপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল।

পরিবার সূত্রে জানা যায়, দুপুরে বিদ্যালয় থেকে বাড়ি ফিরে ছোট বোন ইলমাকে নিয়ে বাড়ির পাশের পুকুরপাড়ে যায় রিয়ামনি। একপর্যায়ে ইলমা কাদায় পড়ে গেলে তাকে পরিষ্কার করতে রিয়ামনি পানিতে নামে। এ সময় ইলমা পানিতে তলিয়ে যেতে শুরু করলে তাকে উদ্ধারে ঝাঁপ দেয় রিয়ামনি। কিন্তু শেষ পর্যন্ত দুই বোনই পানিতে ডুবে যায়।

ঘটনাটি দেখতে পেয়ে আট বছর বয়সী আরেক শিশু সুমাইয়া পরিবারের সদস্যদের খবর দেয়। পরে স্বজনরা রিয়ামনিকে উদ্ধার করে গৌরীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন

অন্যদিকে নিখোঁজ ইলমাকে স্থানীয়রা খুঁজে না পেয়ে ঈশ্বরগঞ্জ ফায়ার সার্ভিসে খবর দেন। পরে ময়মনসিংহ ফায়ার সার্ভিসের ডুবুরি দল প্রায় ৪৫ মিনিট অভিযান চালিয়ে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে পুকুর থেকে ইলমার মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করে।

ময়মনসিংহ ফায়ার সার্ভিসের স্টেশন লিডার সাইফুল ইসলাম জানান, খবর পেয়ে দ্রুত ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে এবং প্রায় ৪৫ মিনিটের চেষ্টায় শিশুটির মরদেহ উদ্ধার করা হয়।

গৌরীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান ঘটনাটির সত্যতা নিশ্চিত করেছেন।

এদিকে একই দিনে ফুলপুর ও গফরগাঁও উপজেলায় পৃথক ঘটনায় আরও দুই শিশু পানিতে ডুবে মারা যায়। এসব ঘটনায় এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad