টানা বর্ষণে রাজধানী ঢাকার বিভিন্ন এলাকার মতো পুরান ঢাকায়ও ব্যাপক জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। শনিবার গভীর রাত থেকে শুরু হওয়া বৃষ্টি সোমবারও থেমে থেমে অব্যাহত থাকায় বকশিবাজার, হোসনি দালান, সাতরওজা, বংশাল, আগা সাদেক রোড এবং বাংলাদেশ মাঠসংলগ্ন এলাকায় হাঁটুসমান পানি জমে জনদুর্ভোগ চরমে পৌঁছেছে।
স্থানীয় জানান, নিচু এলাকার অলিগলি থেকে শুরু করে প্রধান সড়ক পর্যন্ত পানিতে তলিয়ে যাওয়ায় স্বাভাবিক চলাচল ব্যাহত হচ্ছে। জলাবদ্ধতার কারণে দুর্ভোগে পড়েছেন এসব এলাকার লাখো বাসিন্দা। অনেকেই ঘরবন্দী হয়ে পড়েছেন। জরুরি প্রয়োজনেও বাইরে বের হতে হিমশিম খেতে হচ্ছে অনেককে। সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন নিম্ন আয়ের মানুষ, শিক্ষার্থী এবং কর্মজীবীরা।
বকশিবাজারের তেজপাতা গলিতে ওয়াসার পাইপলাইন স্থাপনের জন্য আগে থেকেই রাস্তা খোঁড়া ছিল। টানা বৃষ্টিতে সেই স্থানে পানি জমে রাস্তা চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। ফলে স্কুল-কলেজগামী শিক্ষার্থী এবং কর্মজীবী মানুষ জরুরি প্রয়োজনেও বের হতে পারছেন না।
বকশিবাজারের বাসিন্দা আমরান হোসেন টাইমস অব বাংলাদেশকে বলেন, ‘শনিবার রাত থেকে আমরা পানিবন্দী। দরকারি কাজেও ঘর থেকে বের হওয়ার সুযোগ নেই।’
মো. সহিদুল্লাহ নামের আরেকজন বাসিন্দা বলেন, ‘সামান্য বৃষ্টি হলেই এ এলাকায় পানি উঠে। প্রায় এক মাস ধরে ওয়াসার পাইপলাইন স্থাপনের জন্য রাস্তা কেটে রেখেছে। এর ফলে এখন পানি উঠার কারণে আমার ঘরবন্দী হয়ে আছি।’
সাতরওজা এলাকার বাসিন্দা আফজাল রহমান জানান, তার মেয়ে বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজের নবম শ্রেণিতে অর্ধবার্ষিক পরীক্ষা দিচ্ছে। স্কুল কর্তৃপক্ষ জানিয়েছে, বৃষ্টির কারণে সোমবার পরীক্ষা স্থগিত করা হয়েছে। তবে বৃষ্টি কমলে সন্তানকে এই জলাবদ্ধ রাস্তা পেরিয়েই স্কুলে যেতে হবে।
পুরান ঢাকার স্থানীয় বাসিন্দারা ক্ষোভ জানিয়ে বলেন, সামান্য বৃষ্টিতেই এলাকায় পানি উঠে। জলাবদ্ধতার সংকট কাটিয়ে উঠতে দ্রুত পানি নিষ্কাশন ও খোঁড়া রাস্তার সংস্কারের দাবি জানিয়েছেন তারা।
এদিকে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, সোমবারও সারা দিন থেমে থেমে বৃষ্টি অব্যাহত থাকতে পারে। দেশের ওপর মৌসুমি বায়ুর সক্রিয়তা রয়েছে। তাদের পূর্বাভাস অনুযায়ী, ঢাকা বিভাগের অধিকাংশ এলাকায় অস্থায়ী দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
এ ছাড়া ঢাকা এবং দেশের কয়েকটি বিভাগে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতাও দেওয়া হয়েছে।
আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, সোমবার সকাল ৬টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় ঢাকায় ৯৭ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। যদিও মধ্যরাত থেকে সকাল ৬টা পর্যন্ত কেবল এক মিলিমিটার বৃষ্টি হয়েছে, তবে সকাল ৭টার পর বৃষ্টির তীব্রতা বেড়েছে। দিনের তাপমাত্রা কিছুটা কমলেও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।


