নিরাপত্তা পরিস্থিতির কারণে ভারতের কূটনীতিকদের পরিবারের সদস্যদের বাংলাদেশ থেকে প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে ঢাকায় ভারতীয় হাইকমিশনসহ চট্টগ্রাম, খুলনা, রাজশাহী ও সিলেটের চারটি সহকারী হাইকমিশন পূর্ণ সক্ষমতায় কার্যক্রম চালু রাখবে।
নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় বাংলাদেশকে ভারতের কূটনীতিকদের জন্য ‘নন-ফ্যামিলি পোস্টিং’ হিসেবে ঘোষণা করা হয়েছে বলে মঙ্গলবার সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে। ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস এ তথ্য জানিয়েছে।
সূত্রগুলো জানায়, কূটনীতিক ও তাদের পরিবারের নিরাপত্তা নিয়ে উদ্বেগের কারণে এই সিদ্ধান্তটি কিছুদিন ধরেই বিবেচনায় ছিল।
চরমপন্থী ও উগ্রপন্থী গোষ্ঠীর সম্ভাব্য হুমকির কথা মাথায় রেখে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে হাইকমিশন ও চারটি সহকারী হাইকমিশনে কর্মরত কর্মকর্তাদের নির্ভরশীল পরিবার ও তাদের সদস্যদের ভারতে ফিরে যেতে পরামর্শ দেওয়া হয়েছে। তবে ঢাকায় ভারতীয় হাইকমিশন এবং চট্টগ্রাম, খুলনা, রাজশাহী ও সিলেটের চারটি মিশন আগের মতোই খোলা থাকবে এবং পূর্ণ জনবল নিয়ে কাজ চালিয়ে যাবে।
কবে নাগাদ কূটনীতিকদের পরিবার বাংলাদেশে ফিরতে পারবে, সে বিষয়ে এখনো কোনো স্পষ্ট ধারণা পাওয়া যায়নি। নিরাপত্তাজনিত কারণে বাংলাদেশে অবস্থানরত ভারতীয় কূটনীতিকের সঠিক সংখ্যা জানাতেও সূত্রগুলো অস্বীকৃতি জানিয়েছে।
ভারতের কূটনৈতিক ব্যবস্থায় ‘নন-ফ্যামিলি পোস্টিং’কে সবচেয়ে কঠোর নিরাপত্তা ব্যবস্থাগুলোর একটি হিসেবে ধরা হয়।
বর্তমানে পাকিস্তানও ভারতের জন্য একটি কঠোর পোস্টিং হিসেবে বিবেচিত, যেখানে শিশুদের অবস্থানের অনুমতি নেই এবং সীমিত ক্ষেত্রে জীবনসঙ্গীরা কর্মকর্তাদের সঙ্গে থাকতে পারেন।
সূত্রগুলোর দাবি, বাংলাদেশে কর্মরত ভারতীয় কর্মকর্তাদের পরিবারের নিরাপত্তা নিয়ে উদ্বেগ বেড়েছে চরমপন্থী ও উগ্র গোষ্ঠীর তৎপরতার কারণে।


