জনগণ ক্ষিপ্ত হলে কী হয়, তা জুলাইয়ে স্পষ্ট হয়েছে: শিবির সভাপতি

জনগণ ক্ষিপ্ত হলে কী হয়, তা জুলাইয়ে স্পষ্ট হয়েছে: শিবির সভাপতি
চট্টগ্রামে সংবর্ধনা অনুষ্ঠানে ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম। ছবি: টাইমস
Advertisement
Advertisement

জনগণের ক্ষোভ অবহেলা না করার আহ্বান জানিয়ে ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম বলেছেন, জনগণ যেমন কাউকে ক্ষমতায় বসাতে পারে, তেমনি টেনেহিঁচড়ে নামাতেও পারে, যার প্রমাণ জুলাই গণঅভ্যুত্থান।

রোববার সকালে চট্টগ্রামের ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ছাত্রশিবির চট্টগ্রাম মহানগর দক্ষিণ শাখা এ অনুষ্ঠানের আয়োজন করে।

একই দিন লাভ লেন এলাকার স্মরণিকা কমিউনিটি সেন্টারে মহানগর উত্তর শাখারও সংবর্ধনা অনুষ্ঠিত হয়। সেখানেও প্রধান অতিথি ছিলেন শিবির সভাপতি।

জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন ও সংবিধান সংস্কারে সরকারের ভূমিকার সমালোচনা করে নুরুল ইসলাম বলেন, সরকার সনদ বাস্তবায়ন করছে না, সংবিধান সংস্কার করছে না এবং জনগণের যৌক্তিক দাবিও মানছে না। এমনকি গণভোটের আলোকে মৌলিক পরিবর্তনগুলোও করা হচ্ছে না। এসব বিষয়ে সরকার কোনো ব্যাখ্যাও দিচ্ছে না।

তিনি বলেন, সরকার মুখে জুলাই জাতীয় সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়নের কথা বললেও কালক্ষেপণ করছে। একই সঙ্গে বিভিন্ন দপ্তরে নিজেদের লোক বসিয়ে রাখছে। তরুণ সমাজ এসব বুঝতে পারছে না–এমনটা মনে করার কারণ নেই।

সরকারের উদ্দেশে তিনি বলেন, ‘প্রতারণা করে ক্ষমতায় এসেছেন, জুলাই সনদ বাস্তবায়ন করছেন না। মনে রাখবেন, এর জন্য চড়া মূল্য দিতে হবে।’

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও ক্ষোভ প্রকাশ করেন নুরুল ইসলাম। কুমিল্লায় নিহত অপ্রতিমের মা-বাবার আহাজারির কথা উল্লেখ করে তিনি বলেন, এমন এক রাষ্ট্রে তারা বসবাস করছেন, যেখানে সন্তান হারানো বাবা-মাকে বুকফাটা আর্তনাদ করতে হচ্ছে। সন্তানকে ছাড়া কীভাবে তারা বেঁচে থাকবেন, সেটিও তারা জানেন না।

আরও পড়ুন

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে জানিয়ে তিনি বলেন, সরকার পরিস্থিতি নিয়ন্ত্রণে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। একই সঙ্গে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়েও প্রশ্ন তোলেন তিনি।

নুরুল ইসলাম বলেন, জনগণ প্রতিটি পণ্যে ১৫ শতাংশ ভ্যাট ও ট্যাক্স দিয়ে বসবাস করছে। এরপরও কেন সরকার জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে পারবে না, সেই প্রশ্নও তোলেন তিনি।

দেশ পরিচালনা নিয়ে সমালোচনা করে তিনি বলেন, ‘সরকার যেভাবে দেশ পরিচালনা করছে, তা দেখে মনে হচ্ছে আমরা রোহিঙ্গা কিংবা অন্য কোনো দেশ থেকে ঘুরতে এসেছি।’

দেশে শিশু নিখোঁজের বিষয়েও বক্তব্য দেন শিবির সভাপতি। তিনি বলেন, গত সাত মাসে দেশে অন্তত ১৫ হাজার শিশু নিখোঁজ হয়েছে। এর মধ্যে বড় একটি অংশকে উদ্ধার করা গেলেও এখনো ২ হাজারের বেশি শিশু নিখোঁজ রয়েছে। সরকারি হিসাবের বাইরেও প্রতিদিন অনেক শিশু নিখোঁজ হচ্ছে।

অনুষ্ঠানে সংবর্ধিত কৃতী শিক্ষার্থীদের আত্মগঠন ও মেধার বিকাশে মনোযোগ দেওয়ার আহ্বান জানান নুরুল ইসলাম। তিনি বলেন, শুধু ভালো ফলাফল করলেই হবে না, নিজেদের যোগ্যতা ও চরিত্র গঠনের দিকেও শিক্ষার্থীদের গুরুত্ব দিতে হবে।

তিনি বলেন, ‘যতক্ষণ পর্যন্ত তুমি গোলাপের মতো সুবাস ছড়াবে, ততক্ষণ পিতা-মাতা ও এই সমাজ তোমার প্রশংসা করবে।’ তাই ফলাফলের ধারাবাহিকতা বজায় রাখার পাশাপাশি নিজেদের আত্মগঠন ও মেধার বিকাশ ঘটাতে শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে চট্টগ্রাম নগরের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া প্রায় দেড় হাজার শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়। তাদের সম্মাননা ও বিশেষ উপহার দেওয়া হয়।

ছাত্রশিবির চট্টগ্রাম মহানগর দক্ষিণ শাখার সভাপতি মাইমুনুল ইসলাম মামুনের সভাপতিত্বে অনুষ্ঠানে মূল বক্তা ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশবিদ্যা বিভাগের অধ্যাপক কাজী মো. বরকত আলী।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগরীর আমির নজরুল ইসলাম, ছাত্রশিবিরের কেন্দ্রীয় আইন সম্পাদক শামিম হোসেন, কেন্দ্রীয় সংস্কৃতি সম্পাদক এইচ এম আবু মুসা, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (চাকসু) ভিপি ইব্রাহিম হোসেন রনি ও চিকিৎসক ফজলুল হক।

অনুষ্ঠানের উদ্বোধন করেন চট্টগ্রামে ছাত্রশিবিরের নিহত কর্মী আবিদ বিন ইসলামের পিতা। অনুষ্ঠান সঞ্চালনা করেন ছাত্রশিবির চট্টগ্রাম মহানগর দক্ষিণ শাখার সেক্রেটারি রাকিবুল ইসলাম। এতে ছাত্রশিবিরের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad